নয়াদিল্লি: হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। তাও আবার এশিয়ান গেমস ২০২৬-এর মেগা ফাইনাল!
সোনার পদক জয়ের মহাযুদ্ধে এমন একটা আবহ তৈরি হতে যে সলতে পাকানোর প্রয়োজন ছিল, শনিবার জাপানের কারোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে ঠিক সেটাই করে দেখালেন অভিষেক শর্মা।
পাক বোলারদের তুখড় আক্রমণকে তছনছ করে বাইশ গজে স্রেফ তাণ্ডব চালালেন ভারতের এই বাঁহাতি ওপেনার। তাঁর ব্যাটের একচ্ছত্র আধিপত্যে গুঁড়িয়ে গেল একের পর এক বিশ্বরেকর্ড, যা দেখে মুগ্ধ বিশ্বত্রাস ক্রিস গেইল থেকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি যুবরাজ সিংও।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এরপরই ক্রিজে নেমেই পাকিস্তানের বোলারদের ওপর সংহার রূপ ধারণ করেন অভিষেক।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সাদ মাসুদের বলে নিজের প্রথম ছক্কাটি হাঁকান তিনি। এরপর একে একে আরও ছ’টি বিশাল ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ম্যাচের চতুর্থ ছক্কাটি মারার সঙ্গেই টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ৪০০টি ছক্কা হাঁকানোর অভূতপূর্ব রেকর্ড গড়ে ফেলেন এই ভারতীয় তারকা। ৩,৫৫৭ বল খেলে এতদিন যে তালিকার শীর্ষে ছিলেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল, মাত্র ৩,৫১৩ বল খেলে সেই ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন অভিষেক।
এখানেই শেষ নয়, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে যুবরাজ সিংয়ের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ছক্কা মারার ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেন তিনি। পাশাপাশি ভারত-পাকিস্তান মহারণে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ১৪টি ছক্কার মালিক এখন অভিষেক শর্মা।
এতদিন এই তালিকায় ১১টি ছক্কা নিয়ে সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। বিরাটের সেই রেকর্ডকেও ভেঙে চুরমার করে দেন ভারতের এই তরুণ ওপেনার।
উল্লেখ্য, পুরুষ বা নারী, উভয় বিভাগ মিলিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিন্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমস থেকে ভারত অংশ নেওয়া শুরু করলেও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ মেলেনি।
ফলে সোনার পদকের লড়াইয়ে নামার আগে দুই শিবিরেই ছিল মারাত্মক উত্তেজনা। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান।
তবে মেগা ফাইনালে সব আলো একা নিজের দিকে টেনে নিলেন সেই অভিষেক শর্মাই। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করেই এশিয়াডে সোনা জয়ের দিকে শক্ত হাতে পা বাড়াল টিম ইন্ডিয়া।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন