দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর ফেরিঘাটে মঙ্গলবার সকালে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। সকাল ৯টা ১০ মিনিট নাগাদ একটি ফিশিং ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটে থাকা তিনটি যাত্রিবাহী নৌকায় সজোরে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় তিনটি নৌকা ভেঙে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ডুবে যায়।
সৌভাগ্যবশত ঘটনার সময় নৌকাগুলিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আচমকা এই দুর্ঘটনায় ফেরিঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ট্রলারে যান্ত্রিক ত্রুটি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দা ও নৌকা চালকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পুরো ঘটনার কারণ খতিয়ে দেখছেন এবং কীভাবে দুর্ঘটনা ঘটল ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনাস্থলের একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ফেরিঘাটের পাশে থাকা ভাঙা নৌকাগুলি জলের নিচে ডুবে রয়েছে। পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন