রথযাত্রাকে ঘিরে এবার বড় প্রস্তুতি রাজ্য সরকারের। উৎসবের দিনগুলিতে যাতে কোথাও কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সোমবার প্রশাসনের শীর্ষ আধিকারিক, জেলাশাসক এবং বিধায়কদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। রথযাত্রার আয়োজন থেকে শুরু করে শ্রাবণ মেলায় পুণ্যার্থীদের সুবিধা সব ক্ষেত্রেই সরকারের সক্রিয় ভূমিকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রা মেলায় বিশেষ সেবা কেন্দ্র তৈরি করা হবে। পাশাপাশি ধর্মীয় স্থানগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী দু'বছরে ১,০০০ কোটি টাকা খরচের পরিকল্পনার কথাও জানান তিনি। রথযাত্রা কমিটিগুলির আর্থিক সহায়তা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগেই ৬০টি রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন সেই অনুদান দেওয়া হবে বলেও জানান তিনি। একইসঙ্গে তালিকা তৈরিতে কোনও ত্রুটি থেকে থাকলে তা সহানুভূতির সঙ্গে দেখার আবেদন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এটি একটি নতুন উদ্যোগ, আগামী দিনে আরও পরিসর পাবে এবং আরও নিখুঁতভাবে বাস্তবায়িত হবে। আগামী দু'বছরে প্রাচীন মঠ, মন্দির ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের সংস্কার, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন শ্রাবণ মেলা নিয়েও একাধিক ঘোষণা করা হয়েছে। আপাতত তিনটি শিব মন্দিরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিব মন্দির। বিশেষ করে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি পাঁচ কিলোমিটার অন্তর অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, পুলিশ সহায়তা শিবির এবং বিশ্রামের জায়গা তৈরি করা হবে। সবচেয়ে নজরকাড়া ঘোষণা, আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের উপর সরকারি হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে ১৪ জুলাই তারকেশ্বর যাবেন এবং ১৬ জুলাই কলকাতার ইসকনের রথযাত্রাতেও উপস্থিত থাকবেন।
বিষয় : Jagannath Rath Yatra Suvendu Adhikari

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন