কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা ও কালনাগিনী নদীর চর এলাকা থেকে গত কয়েকদিন ধরে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ উঠছে। এবার সরাসরি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায় অবস্থিত একটি বড় ইটভাটার বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, কালনাগিনী নদীর তীরে অবস্থিত ওই ইটভাটার মালিক দীর্ঘ সময় ধরে নদীর চর থেকে মাটি কেটে ইট তৈরি করছেন। ক্রমাগত মাটি কাটার ফলে নদীর চরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং এলাকাটি পুকুরের আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালেও দেখা যায়, প্রায় ১৫ জন শ্রমিক কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে ভরে ইটভাটার নির্দিষ্ট কোণে জমা করছেন।
ইটভাটার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মুকেশ ঘোরামি মাটি কাটার বিষয়টি স্বীকার করে নিলেও তাঁর দাবি, নদীর ওই চর এলাকাটি তাঁদের নিজস্ব ‘রায়তি’ বা মালিকানাধীন জমি।
এই বিষয়ে কাকদ্বীপের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (SDLRO) সনত কুমার সরদার জানান যে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নদীর চর থেকে এভাবে অনিয়ন্ত্রিতভাবে মাটি কাটার ফলে বর্ষার সময় বা কোটালের জলোচ্ছ্বাসে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা করছেন এলাকাবাসী।
বিষয় : Kakdwip

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন