মালদহ: মালদহ জেলার কালিয়াচক থানা এলাকায় এক নাবালিকের যৌন হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের মধ্যে একজন মাদকাসক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ওই নাবালকের নামে একটি নিখোঁজ ডায়ারি করা হয়েছিল কালিয়াচক থানায়। বিষয়টি জানার পরই তৎপর হয় কালিয়াচক থানার পুলিশ। নাবালকের সন্ধানে তল্লাশি চালিয়ে পরের দিন - অর্থাৎ - ৭ ফেব্রুয়ারি তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সে বিবস্ত্র অবস্থায় ছিল। যা ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে দেয়।
শুক্রবার মালদহ জেলা পুলিশের সুপারিন্টেন্ডেন্টের অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতেই দুই অভিযুক্তকে জালে তোলা সম্ভব হয়েছে। পুলিশ সুপার আরও জানান, ধৃতদের মধ্যে একজন মাদকাসক্ত। যদিও, তদন্তের স্বার্থে এবং গোপনীয়তা বজায় রাখতে ধৃতদের নাম ও পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। আক্রান্ত নাবালক বর্তমানে এতটাই আতঙ্কিত যে, সে কীভাবে বা কার সঙ্গে কোথায় গিয়ে আক্রান্ত হয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি।
শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। কালিয়াচক থানা এলাকা যেহেতু মাদক পাচার ও মাদক ব্যবহারের জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসে। তাই, এই ঘটনায় এক মাদকাসক্তের যোগ মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রাখা হয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন