দ্বিতীয় দফার নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ফলতা। বুধবার সকালে ফলতা-২ গ্রাম পঞ্চায়েতের বেলসিংহ গ্রামের একটি বুথে ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, লাইনে দাঁড়িয়ে থাকা মহিলা ভোটারদের ওপর অতর্কিতে লাঠি উঁচিয়ে চড়াও হয় জওয়ানরা।
বুথের সামনে থেকে গ্রামবাসীদের জমায়েত হঠাতে গিয়ে বাহিনী যে সক্রিয়তা দেখিয়েছে, তাতে বেশ কয়েকজন মহিলা রাস্তায় পড়ে গিয়ে চোট পান বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই (যার সত্যতা যাচাই করা হয়নি) এলাকায় উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়।
উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রটি গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে। এই এলাকায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত উত্তরপ্রদেশের ‘সিংহম’ আইপিএস অজয়পাল শর্মার ভূমিকা নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ ছিল, অজয়পাল শর্মা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছেন।
আজ ভোটের দিন সকালেই বেলসিংহ গ্রামে মহিলাদের ওপর লাঠিচার্জের এই ঘটনা সেই বিতর্কে ঘৃতাহুতি দিল। ইতিপূর্বেই ওই পুলিশ আধিকারিককে অপসারণের দাবিতে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। ফলতার এই অশান্তি ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক শিবির।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন