এশিয়ান গেমসের ১১তম দিনে ভারতের বিরাট সাফল্য। একের পর এক সোনা জিতল দেশ। সকাল শুরু হয়েছিল তিরন্দাজিতে জোড়া সোনা দিয়ে। তারপর এল আরও দুই সোনালি সাফল্য। পুরুষদের তিরন্দাজি এবং শুটিংয়ের মিক্সড ট্র্যাপেও সোনা জিতে নিল ভারত। একদিনে মোট চারটি সোনা জিতে পদক তালিকায় আরও এগিয়ে গেল দেশ।
মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজি থেকে প্রথম সোনা আসে। জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী ও পৃথিকা প্রদীপ কমপাউন্ডের ভারতীয় দল ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারায়। এরপর মিক্সড কম্পাউন্ড ইভেন্টেও সোনা আসে ভারতের ঘরে। দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে সোনা জেতেন সাহিল যাদব ও চিকিতা তানিপার্থী। এরপর শুটিংয়ের মিক্সড ট্র্যাপে নীরু ধান্ধা ও ক্যনান চেয়ানি ভারতকে এনে দেন আরও একটি সোনা।
দিনের চতুর্থ সোনাটিও তিরন্দাজি থেকে এসেছে। প্রথম গেমে ৫৮-৬০ ব্যবধানে পিছিয়ে ছিলেন কুশল দালাল, সাহিল যাদব ও গণেশ থিরুমুরু। পরের গেমেও ব্যবধান খুব একটা বদলাতে পারেনি ভারতীয় দল। কিন্তু শেষের দিকে বদলে যায় ছবিটা। চাপের মুহূর্তেও কোনও ভুল করেননি কুশল, সাহিল ও গণেশ। ফাইনালে চিনকে হারিয়ে আরও একটি সোনা আসে ভারতের ঝুলিতে। তিরন্দাজির পাশাপাশি বক্সিংয়েও এদিন এসেছে সাফল্য। ৬০ কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘাস এবং ৯০ কেজি বিভাগে কপিল পোখারিয়া ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে ১১তম দিন শেষে ভারতের ঝুলিতে রয়েছে ১০টি সোনা, ২১টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ।
বিষয় : Asian Games

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন