কলকাতা: আজকাল একা থাকাটাও যেন একটা আলাদা অভ্যাস হয়ে গিয়েছে। পাশে কেউ নেই? সমস্যা কী! হাতে একটা মোবাইল থাকলেই হল। আর মোবাইল খুললেই সামনে একের পর এক Reel, ছোট ভিডিও, সুন্দর সুন্দর জায়গার ছবি। কখনও পাহাড়, কখনও সমুদ্র, কখনও কোনও অচেনা ছোট্ট শহর। দেখতে দেখতে হঠাৎ মনে হয় “আচ্ছা, এই জায়গাটায় একবার গেলে কেমন হয়?”
মজার ব্যাপার হল, অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না, কখন একটা রিল শুধু দেখার জিনিস থেকে আমাদের পরের ভ্রমণের পরিকল্পনা হয়ে ওঠে। আগে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা ঠিক হত বন্ধুদের পরামর্শে বা পরিচিত কারও অভিজ্ঞতা শুনে। এখন একটা সুন্দর ভিডিওই অনেক সময় তৈরি করে দিচ্ছে পুরো ভ্রমণের ইচ্ছে।
পাহাড়ের মেঘ, নিরিবিলি সমুদ্র, ছোট্ট পাহাড়ি বাড়ি কিংবা অচেনা কোনও গ্রামের রাস্তা ছবিতে ভালো লাগলেই জায়গাটা ঢুকে পড়ছে আমাদের ঘোরার তালিকায়। অর্থাৎ এখন শুধু জায়গা নয়, সেই জায়গাটা ক্যামেরায় কেমন দেখায়, সেটাও ভ্রমণের সিদ্ধান্তে বড় ভূমিকা নিচ্ছে।
এই বদলটা তরুণদের মধ্যে আরও স্পষ্ট। ২০২৬ সালের Skyscanner-এর তথ্য অনুযায়ী, ভারতে Gen Z-দের ৭০ শতাংশ ইনস্টাগ্রাম এবং ৭০ শতাংশ ইউটিউব- কে ভ্রমণের অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ কোথায় ঘুরতে যাব, সেই সিদ্ধান্তের শুরুটাই অনেকের ক্ষেত্রে এখন হচ্ছে মোবাইলের পর্দা থেকে।
আর একটা জায়গা যখন বারবার চোখের সামনে আসতে থাকে, তখন সেটাকে ঘিরে একটা আলাদা আগ্রহ তৈরি হয়। ধরুন, একটা পাহাড়ি গ্রামের Reel পরপর কয়েকদিন আপনার সামনে আসছে। একজন বলছে জায়গাটা শান্ত, আর একজন দেখাচ্ছে সেখানকার সুন্দর থাকার জায়গা। তারপর আরও দু-চারজনের ভিডিও। ব্যস, অচেনা জায়গাটাই হঠাৎ খুব পরিচিত মনে হতে শুরু করল। মনে হল, “সবাই যাচ্ছে, আমিও একবার যাই।”
কিন্তু সমস্যা হল, রিল -এ যে জায়গাটা পাঁচ-দশ সেকেন্ডে এত সুন্দর দেখাচ্ছে, বাস্তবে কি সেটাও ঠিক তেমন? ছবিতে নির্জন রাস্তা দেখা গেলেও সেখানে পৌঁছে হয়তো দেখা গেল আরও অনেক পর্যটকের ভিড়। যে ঘরটাকে পাহাড়ের মাঝে একেবারে স্বপ্নের মতো লাগছিল, বাস্তবে তার আশেপাশের পরিবেশ হয়তো তেমন নয়। কারণ একটা ভিডিওতে সাধারণত জায়গাটার সবচেয়ে সুন্দর অংশটাই দেখানো হয়।
তাই এখন ভ্রমণের ক্ষেত্রে একটা নতুন বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছবির সঙ্গে বাস্তবের মিল কতটা?
তবে সামাজিক মাধ্যমকে শুধু দোষ দিলেও ব্যাপারটা পুরোপুরি বোঝা যাবে না। কারণ এর হাত ধরেই অনেক অচেনা জায়গার খোঁজও মিলছে। কোথায় গেলে কী দেখা যায়, স্থানীয় খাবার কোথায় পাওয়া যায়, থাকার খরচ কত হতে পারে, এরকম অনেক তথ্যই এখন সহজে পাওয়া যাচ্ছে। ফলে আগে যে জায়গাগুলো সম্পর্কে জানাই কঠিন ছিল, সেগুলোও এখন মানুষের ভ্রমণের তালিকায় আসছে।
বাঙালির ভ্রমণেও এই বদলটা চোখে পড়ার মতো। পাহাড়-সমুদ্র তো আছেই, তার সঙ্গে এখন ছোট শহর, গ্রামের বাড়ি, অচেনা হোমস্টে, পুরনো বাড়ি কিংবা কোনও ছোট্ট ক্যাফেও ঘোরার তালিকায় জায়গা করে নিচ্ছে। একটা ভালো ছবি বা ভিডিও অনেক সময় এমন জায়গাকেও সামনে নিয়ে আসছে, যেটা আগে হয়তো খুব কম মানুষই চিনতেন।
তবে শেষ পর্যন্ত একটা কথা থেকেই যায়। ভ্রমণ কি শুধুই ছবি তোলার জন্য? সুন্দর ছবি অবশ্যই ভ্রমণের আনন্দের একটা অংশ। কিন্তু একটা জায়গার আসল সৌন্দর্য হয়তো সেই কয়েক সেকেন্ডের ভিডিওতে ধরা পড়ে না। সেখানে পৌঁছে ঠান্ডা হাওয়া গায়ে লাগা, পাহাড়ের রাস্তায় হাঁটা, সমুদ্রের শব্দ শোনা কিংবা কোনও অচেনা মানুষের সঙ্গে দুটো কথা বলার অভিজ্ঞতাই হয়তো আসল পাওয়া।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন