পুজোর ছুটিতে পাহাড়ের ডাক উপেক্ষা করা কঠিন। যারা অ্যাডভেঞ্চারপ্রেমী রয়েছেন তাঁরা বরাবরই পাহাড়ে যান অন্যরকম অভিজ্ঞতার খোঁজে। এবার সেই তালিকায় রাখতে পারেন সান্দাকফু-ফালুট। হিমেল পরিবেশে ট্রেক করতে করতে একসঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে এবং মাকালুর মতো শৃঙ্গ দেখার সুযোগ মেলে এই পথে।
তবে এবার সেই ট্রেকে যাওয়ার আগে থেকেই জেনে রাখুন কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়। এই বাজেটে যোগ হচ্ছে আরও একটি খরচ। সিঙ্গালিলা জাতীয় উদ্যান ফের খোলার পর পর্যটকদের জন্য প্রবেশমূল্য চালু করেছে বন দপ্তর। বর্ষার জন্য কয়েক মাস বন্ধ থাকার পর গত ১৫ সেপ্টেম্বর ফের পর্যটকদের জন্য খুলেছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। তারপরেই সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়ার ব্যবস্থা ফের কার্যকর হয়েছে। নতুন হিসাবে, সান্দাকফু ও ফালুটে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের মাথাপিছু ২০০ টাকা দিতে হবে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে মাথাপিছু ফি ৫০০ টাকা। এর পাশাপাশি পর্যটকদের ব্যবহৃত গাড়ির জন্যও আলাদা চার্জ রয়েছে। প্রতি গাড়ির জন্য প্রতিদিন ৪৮০ টাকা করে দিতে হবে।
তবে সান্দাকফু রুটের পুরোটা জুড়ে একই হারে ফি নয়। মানেভঞ্জন থেকে তুমলিং বা টংলুর মতো নিচের দিকের এলাকায় প্রবেশের ক্ষেত্রে মাথাপিছু ২০ টাকা ফি নির্ধারিত রয়েছে। সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের কাছ থেকে ফি নেওয়ার নিয়ম আগে থেকেই ছিল। তবে রাজ্য সরকারের নির্দেশে তা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল। সেই ব্যবস্থাই আবার চালু হল। পুজোর মরসুমে এর প্রভাব পড়তে পারে পর্যটকদের মোট বাজেটেও।
বিষয় : Durga Puja 2026 Darjeeling Sandakphu Phalut

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন