পুজোয় এথনিক সাজ মানেই শাড়ি বা সাবেকি কুর্তা, এমনটা কিন্তু নয়। ষষ্ঠী কিংবা সপ্তমীর প্যান্ডেল হপিংয়ে একটু অন্যরকম সাজতে চাইলে বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের সাম্প্রতিক লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা। জন্মাষ্টমীর অনুষ্ঠানে অভিনেত্রীর সাজে ছিল ভারতীয় ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের অনবদ্য মেলবন্ধন।
জেনেলিয়ার সাজের মূল আকর্ষণ ছিল উজ্জ্বল লাল রঙের একটি শর্ট কুর্তা। ফুল-স্লিভ এই কুর্তার সঙ্গে ছিল আধুনিক কাটের হাফ-পাটিয়ালা সালোয়ার। পোশাকের গলা, বুক এবং বিভিন্ন অংশজুড়ে চোখে পড়েছে জরি, জারদৌজি ও মারোড়ি কাজ। হাই-নেক ডিজাইনের কারণে ভারী কারুকাজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। একই রঙের নরম ওড়না দিয়ে পুরো লুকটি ব্যালান্স করেছেন অভিনেত্রী। পোশাকটি ডিজাইনার রেণু ট্যান্ডনের ‘সিন্দুরি’ কালেকশনের। এখানে একটা বিষয় আলাদা করে নজর কাড়ার মতো। জেনেলিয়ার সাজে পোশাকের কাজটাই ছিল বেশ ভারী, তাই অ্যাক্সেসরিজ বাছার সময়ও তিনি সেই ভারসাম্য বজায় রেখেছেন।
তবে জেনেলিয়ার এই লুক কপি করতে গিয়ে একেবারে একই পোশাক খোঁজার প্রয়োজন নেই। পুজোর সাজে এই স্টাইলটি নিজের মতো করে তৈরি করা যায় খুব সহজেই। লালের পরিবর্তে গাঢ় মেরুন, সবুজ কিংবা অফ-হোয়াইট কুর্তা বেছে নিতে পারেন। শর্ট কুর্তার বদলে লম্বা কুর্তাও পরা যায়। শুধু কুর্তার গলা, হাতা কিংবা বুকের অংশে যদি ভারী জরি বা জারদৌজি কাজ থাকে, তাহলেই লুকটিতে সেই রাজকীয় আমেজটা চলে আসবে। আরামকে গুরুত্ব দিলে হাফ-পাটিয়ালার বদলে বেছে নিতে পারেন ঢিলেঢালা পাটিয়ালা সালোয়ার। পুজোয় সারাদিন ঘোরাঘুরি বা প্যান্ডেল হপিংয়ের জন্য এমন পোশাক যেমন আরামদায়ক, তেমনই দেখতে হবে স্টাইলিশ। ভারী কাজের কুর্তার সঙ্গে হালকা ওড়নাও রাখতে পারেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন