পুজোর আর বেশি দিন বাকি নেই। এখন থেকেই কোন পোশাক পরবেন, কীভাবে সাজবেন, কোথায় খাওয়াদাওয়া করবেন সবকিছু নিয়েই পরিকল্পনা চলছে। এসবের পাশাপাশি ত্বক, চুল এসবের পরিচর্যা তো চলছেই। উৎসবের দিনগুলিতে পছন্দের পোশাকে নিজেকে একটু ছিপছিপে ও ফিট দেখতে চান অনেকেই। কিন্তু পেটের মেদ থাকলে সেই ইচ্ছায় পড়ে বাধা। কোনও জামাকাপড় পরে যেন সেই পারফেক্ট লুকটা কিছুতেই আসে না। তাই এখন থেকেই আপনার খাদ্যতালিকায় আনুন পরিবর্তন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারে সব্জি ও ফলের তৈরি পানীয় যোগ করা যেতে পারে। জুস বানানোর সময় সম্ভব হলে ছেঁকে না নিয়ে ব্লেন্ড করে খেলে ফাইবারের পরিমাণও কিছুটা বেশি থাকে।
লাউ, আমলকি ও ধনেপাতার রস
এক কাপের মতো লাউ ছোট টুকরো করে নিন। একটি আমলকির বীজ বার করে লাউ ও আধ কাপ ধনেপাতার সঙ্গে মিক্সারে দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। এর পর ছেঁকে নিয়ে তাতে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
বিট-গাজরের রস
অর্ধেকটা বিট ও একটি গোটা গাজর ছোট টুকরো করে নিন। এর সঙ্গে এক ইঞ্চি আদা ও কাঁচা হলুদ দিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে তার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে খেতে পারেন। বিট ও গাজর নানা ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ উপাদানের উৎস।
পালংশাকের রস
পালংশাকে ভিটামিন, ফোলেট, পটাশিয়াম, ক্যারোটিনয়েড ও আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে। এক আঁটি পালংশাক, একটি আপেল ও একটি শসা ভাল করে ধুয়ে ছোট টুকরো করে নিন। এর সঙ্গে সামান্য আদা দিয়ে সবকিছু মিক্সারে ব্লেন্ড করে নিন। তারপর লেবুর রস, নুন ও সামান্য গোলমরিচ মিশিয়ে পান করুন।
শসা-পুদিনার রস
একটি গোটা শসা, এক কাপ পুদিনাপাতা, সামান্য লেবুর রস, এক ইঞ্চি আদা, এক কাপ জল, অল্প নুন ও গোলমরিচ নিন। শসা ভাল করে ধুয়ে ছোট টুকরো করে পুদিনাপাতা ও আদার সঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর লেবুর রস, নুন ও গোলমরিচ মিশিয়ে পান করতে পারেন।
টম্যাটো-দারচিনির রস
টম্যাটোতে ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য উদ্ভিজ্জ উপাদান রয়েছে। দুটি গোটা টম্যাটো ছোট টুকরো করে নিন। এর সঙ্গে আধ চা-চামচ দারচিনি ও আধ চা-চামচ জোয়ান দিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে সামান্য জল মেশাতে পারেন। এর পর লেবুর রস দিয়ে পান করুন।
বিষয় : Durga Puja 2026

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন