কোচি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নেমে এল এক মহা ঘোষণা। স্পষ্ট হয়ে গেল ক্রিকেট বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তির ভবিষ্যৎ পথরেখা। ২০২৭ সালের আইসিসি পুরুষদের একদিনের বিশ্বকাপই (50-over World Cup) ভারতের নীল জার্সিতে তাঁর জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে। প্রকাশ্যে এই বিরাট ঘোষণা করলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে আয়োজিত হতে যাওয়া সেই মেগা টুর্নামেন্টে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করতেই তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বলে জানিয়ে দিলেন।
চলতি মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের প্রথম ম্যাচের ঠিক আগে ‘জিওস্টার’ (JioStar)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই অদম্য মানসিকতার কথা তুলে ধরেন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে দু’জনেই এখন মূলত একদিনের ফরম্যাটেই মনোনিবেশ করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবারের ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপের দিকে ভারতের পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আর এই নতুন অধ্যায়ের শুরুতেই নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন কোহলি।
একদিনের বিশ্বকাপের কঠিন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বিরাট বলেন, “৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও উত্তেজনা অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি। আপনাকে টি-টোয়েন্টি ম্যাচের মেজাজে অন্তত ১০টি ম্যাচ খেলতে হয়, অর্থাৎ একদিনেই প্রায় আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান পরিশ্রম। বিদেশের মাটিতে টানা ১০টি ম্যাচে সেই একই মাত্রার পারফর্ম্যান্স ও মানসিক একাগ্রতা ধরে রাখা চাট্টিখানি কথা নয়।”
এর পরেই নিজের আসল কথা খোলসা করেন বিরাট, “ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ। আর এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। দেশের জন্য মাঠে নিজের সবটুকু নিংড়ে দেওয়া এবং যে কোনও মূল্যে বিশ্বকাপ জেতাই এখন আমার একমাত্র লক্ষ্য। তার জন্য যা যা করা প্রয়োজন, আমি সব করতে তৈরি।”
বিশ্বকাপের ইতিহাসে বিরাটের পারফর্ম্যান্স এক কথায় অবিশ্বাস্য। এখন পর্যন্ত ৩৭টি একদিনের বিশ্বকাপ ম্যাচে ৫৯.৮৩ গড়ে ১,৭৯৫ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ১২টি অর্ধশতরান। সর্বকালের সেরা একদিনের ব্যাটসম্যানদের তালিকায় নিজের নাম বহু আগেই খোদাই করেছেন তিনি। ৩০২টি ওডিআই ইনিংসে ৫৮.৫৯ গড়ে ১৪,৯৪১ রান সংগ্রহ করেছেন বিরাট, যার মধ্যে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি ফিফটি। ৯৩.৯৫ স্ট্রাইক রেটের সাথে তাঁর সর্বোচ্চ ইনিংস ১৮৩। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৩৫টি ম্যাচে ৫৮.৭৩ গড়ে ১,২৯২ রান এবং ১৫টি হাফ-সেঞ্চুরি সহ ২০১৪ ও ২০১৬ সালে দু'বার 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' হয়ে ইতিহাস গড়েছেন তিনি।
কোহলির আন্তর্জাতিক ক্রিকেট জীবনের এই শেষ অধ্যায় ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আবেগ ও উন্মাদনা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ট্রফি উঁচিয়ে ধরে কেরিয়ারের সেরা শেষ টানতে মরিয়া 'কিং কোহলি'। ২০২৭-এর সেই স্বপ্নপূরণের মহা-লড়াই এখন থেকেই শুরু হয়ে গেল।
থাম্বনেল : ইতি টানার ঘোষণা!

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন