পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে আসতে চলেছে তারকাদের লুক। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের লুক। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সামনে এসেছে আলিয়া ভাটের প্রথম লুক, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই উন্মাদনার মাঝেই অন্য একটি প্রশ্ন ঘুরছে বলিউডে, ভিকি কৌশল কোথায়?
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। রণবীর, আলিয়ার লুক সামনে এলেও এখনও ভিকির চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নানা জল্পনা। পোস্টারে রণবীরকে দেখা গিয়েছে একেবারে ভিন্টেজ লুকে। অন্যদিকে মঞ্চের আলোয় ক্যাবারে-অনুপ্রাণিত পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। ছবির মুক্তির তারিখ রয়েছে ২১ জানুয়ারি ২০২৭। আর এখানেই প্রশ্ন উঠছে ভিকিকে নিয়ে।
সূত্রের খবর, আলিয়া এবং রণবীরের লুক প্রকাশ পাওয়ার পর নাকি খানিকটা অখুশি ভিকি। বৃহস্পতিবার রণবীরের লুক প্রকাশ্যে আসার পর তিনি ভেবেছিলেন, এবার হয়তো নিজের লুকটিও প্রকাশ্যে আসবে। কিন্তু বাস্তবে তা হয়নি। এই বিষয়টি অবশ্য এখনও ভিকি কৌশল বা নির্মাতাদের তরফে নিশ্চিত করা হয়নি। এমনও দাবি উঠেছে, প্রচারের কৌশল হিসেবেই রণবীর ও আলিয়াকে আগে সামনে আনা হয়েছে। কারণ দু’জনের জনপ্রিয়তা ও তারকা-পরিচিতি ছবির প্রচারে আলাদা প্রভাব ফেলতে পারে। তবে এটিও নির্মাতাদের আনুষ্ঠানিক বক্তব্য নয়।
আর এতকিছুর মধ্যে থেকে উঠে এসেছে বলিউডের পুরনো বিতর্ক, স্টার পাওয়ার বনাম অভিনয় প্রতিভা। তিন অভিনেতাই ছবির গুরুত্বপূর্ণ মুখ। কিন্তু রণবীর ও আলিয়া তারকাসন্তান হওয়ার জন্যই কি রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই দিচ্ছেন বনশালি? কেউ কেউ আবার এর সঙ্গে স্বজনপোষণের প্রসঙ্গও টেনে আনছেন। তবে এটা প্রথম নয়, এই অবশ্য প্রথম নয়, এর আগেও ‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে সেটে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন শাহিদ কাপুর। কিন্তু কী কারণে বনশালি এই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন