তিরুঅনন্তপুরম: ২০২৭ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন তিনি। তাই জীবনের প্রতিটি ম্যাচকেই যেন স্মরণীয় করে রাখার পণ নিয়েছেন বিরাট কোহলি।
রবিবার ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে নামার আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর শুধুই 'কিং' কোহলির ব্যাটের দিকে। কারণ, তিরুঅনন্তপুরমের নিজের পয়া মাঠে নেমেই একঝাঁক মহাকাব্যিক নজির গড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে আছেন ৩৭ বছরের এই মহাতারকা। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের এক-দুটো নয়, টানা চারটি মেগা রেকর্ড চুরমার করে দেওয়ার সুবর্ণ সুযোগ এখন বিরাটের হাতের মুঠোয়।
কেরালার এই সবুজ গালিচায় বিরাটের পরিসংখ্যান রূপকথার মতো। তিরুঅনন্তপুরমে এর আগে দুটি ম্যাচ খেলেছেন, এবং দুটি ম্যাচেই অপরাজিত থেকেছেন তিনি! একটি শতক-সহ গড় রান ১৯৯। ওয়েস্ট ইন্ডিজকে পেলেই বিরাটের ব্যাট যেন খাপখোলা তরবারি হয়ে ওঠে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪১ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ২,২৬১ রান, যার মধ্যে রয়েছে ৯টি শতরান ও ১১টি অর্ধশতরান। রবিবাসরীয় মহারণে সেই প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগেই বিরাটের সামনে ঝুলছে ইতিহাসের দরজা।
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিপতি সচিনের ১৮,৪২৬ রান। বিশ্বের আর কোনও ব্যাটার ওয়ানডে-তে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। সেই বিরল নজির গড়ার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট। ৩১৪টি ওয়ানডে ম্যাচে তাঁর সংগ্রহ ১৪,৯৪১ রান। রবিবার মাত্র ৫৯ রান করতে পারলেই সচিনের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক দিনের ক্রিকেটে ১৫ হাজারি ক্লাবে পা রাখবেন কোহলি।
শুধু ১৫ হাজারের ঘর ছোঁয়াই নয়, তিন ম্যাচের এই সিরিজ়ে জোড়া শতক হাঁকাতে পারলে লিস্ট ‘এ’ ক্রিকেটে (সব ধরণের ৫০ ওভারের ক্রিকেট) সচিনের ৬০টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন বিরাট। আপাতত ৫৯টি সেঞ্চুরি নিয়ে মাস্টার ব্লাস্টারের ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আর একটি শতরান এলেই লিস্ট 'এ'-তে সচিনকে ছুঁয়ে ফেলবেন কোহলি, আর দুটি এলেই গড়ে ফেলবেন নতুন বিশ্বরেকর্ড।
একই সঙ্গে দেশের মাটিতে আন্তর্জাতিক শতরানের নিরিখেও সচিনকে ছোঁয়া ও টপকানোর মোক্ষম সুযোগ বিরাটের হাতে। ঘরের মাঠে সচিনের মোট আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৪২টি, যেখানে কোহলি দাঁড়িয়ে আছেন ৪১টিতে। আর দুটি শতক এলেই শচীনকে টপকে এককভাবে ভারতের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের মুকুট উঠবে কোহলির মাথায়।
এখানেই শেষ নয়, দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় সচিনকে টপকাতে বিরাটের প্রয়োজন আর মাত্র ১১০ রান। ভারতের মাটিতে ওয়ানডে-তে সচিনের সংগৃহীত রান ৬,৯৭৬। অন্যদিকে ৬,৮৬৭ রান নিয়ে সচিনের একদম কাছাকাছি কোহলি।
চলতি ২০২৬ সালে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট। ৬ ম্যাচে ৬৪ গড় ও ১০৬ স্ট্রাইক রেটে ইতিমধ্যে করে ফেলেছেন ৩৮৪ রান। ফলে তিরুঅনন্তপুরমে রবিবার বিরাটের ব্যাট জ্বলসে উঠলে এক দিনেই ক্রিকেট ইতিহাসের একাধিক অধ্যায় নতুন করে লেখা হতে পারে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন