কলকাতা: পুজোর দিনগুলি কলকাতার রাস্তাঘাটে মানুষের ঢল নামে। যানজট এড়িয়ে মণ্ডপে মণ্ডপে পৌঁছতে ভরসা ছিল মেট্রোই। মেট্রো স্টেশনগুলিতে ছিল উপচে পড়া ভিড়, কোথাও আবার মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছিল। সবমিলিয়ে পুজো শেষে যাত্রীসংখ্যার নিরিখে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো। চতুর্থী থেকে দশমী, দুই সপ্তমী-সহ মোট আট দিনের হিসাবে মেট্রোয় যাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ৭৩ লক্ষেরও বেশি। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল ষষ্ঠীতে।
এবার পুজোয় ঠাকুর দেখার জন্য রাতভর মেট্রো পরিষেবা পেয়েছেন রাজ্যবাসী। দুই সপ্তমী, অষ্টমী এবং নবমী ভোর রাত অবধি মেট্রো চলেছে। ফলে রাতভর এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়ার জন্য পাতালপথকেই বেছে নিয়েছেন মানুষ। কালীঘাট, এসপ্ল্যানেড, টালিগঞ্জ, শোভাবাজার, শ্যামবাজার, এমজি রোড ও গিরিশ পার্কের মতো ব্যস্ত স্টেশনগুলিতে ছিল চোখে পড়ার মতো ভিড়।
মেট্রোর হিসাব বলছে, চতুর্থীতে যাত্রীসংখ্যা ছিল ১১.৬০ লক্ষ। পঞ্চমীতে তা বেড়ে হয় ১১.৭৫ লক্ষ। ষষ্ঠীতে সংখ্যাটা পৌঁছয় ১২ লক্ষ ১ হাজারে, যা এবারের পুজোয় সর্বোচ্চ। প্রথম সপ্তমীতে ৯.৭৮ লক্ষ এবং দ্বিতীয় সপ্তমীতে ৮.১৩ লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অষ্টমীতে যাত্রীসংখ্যা ছিল ৮.৪২ লক্ষ, নবমীতে ৮ লক্ষ। দশমীতে ভিড় কমে যাত্রীসংখ্যা দাঁড়ায় ৩.৪১ লক্ষ।
গত বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোয় যাত্রীসংখ্যা ছিল প্রায় ৪৬.৫৬ লক্ষ। এবার চতুর্থী থেকে দশমী পর্যন্ত আট দিনের হিসাবে যাত্রীসংখ্যা ৭৩ লক্ষ ছাড়িয়েছে। এবার যাত্রীসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে গ্রিন লাইনও। দশমী বাদ দিলে পুজোর দিনগুলিতে এই লাইনে দৈনিক গড়ে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। স্টেশনভিত্তিক হিসাবেও ভিড়ের ছবি উঠে এসেছে। পঞ্চমীতে দমদম স্টেশনে সর্বাধিক ৪.৯৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এরপর রয়েছে কালীঘাট, যেখানে যাত্রীসংখ্যা ৪.৮৩ লক্ষ। শিয়ালদহ স্টেশনে ওই দিন যাতায়াত করেছেন ৪.১৯ লক্ষ মানুষ।
বিষয় : Kolkata Metro

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন