কার্শিয়াং: পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় রাতের অন্ধকারে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফেরার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল একটি যাত্রীবাহী গাড়ি। রবিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত যুবকের নাম অভিষেক সাহা। তিনি শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য বাপি সাহার ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতলে নেমে এসেছে গভীর শোকের ছায়া এবং তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক সাহা তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে রবিবার পাহাড়ে ঘুরতে এসেছিলেন। সারাদিন কার্শিয়াঙে কাটিয়ে রাতের দিকে গাড়িতে করে তাঁরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পাহাড়ি পথে কার্শিয়াঙের রোহিনী রোডের কার্গিল ধারা এলাকায় আসতেই ঘটে বিপত্তি। রবিবার সন্ধ্যা থেকেই ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পিচ্ছিল রাস্তার কারণে আচমকা গাড়িটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় দুশো ফুট গভীর খাদে সোজা নিচে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতরে থাকা যাত্রীদের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিজেদের উদ্যোগে উদ্ধারকাজে হাত লাগান এবং দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির ভেতর থেকে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। একইসঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, থানা ও দমকল মাত্র পাঁচ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট দেরি করে তারা। এমনকি একাধিকবার চেষ্টা করেও ফোনে দমকলের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল এসে বাকিদের উদ্ধার করে স্থানীয় ও শিলিগুড়ির হাসপাতালে পাঠায়। গাড়ির ভেতর আটকে থাকা অভিষেক সাহার নিথর দেহও উদ্ধার করা হয়। আহতদের মধ্যে দু'জন বর্তমানে কার্শিয়াঙের হাসপাতালে এবং বাকি তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা চালানো হচ্ছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন