নদিয়া: কৃষ্ণনগর নদিয়া জেলা দায়রা আদালত পরিদর্শনে এলেন রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস। শনিবার আদালত চত্বরে পৌঁছে একাধিক এজলাস ঘুরে দেখার পাশাপাশি বিচারপ্রক্রিয়ার সার্বিক রূপরেখা ও আইনজীবীদের বারের বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের পর নদিয়া জেলা দায়রা আদালতের বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে বসে আদালতের বিদ্যমান নানাবিধ সমস্যা ও পরিকাঠামোগত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা সারেন মন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী বলেন, কৃষ্ণনগর আদালত একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বহুদিনের পুরোনো হওয়ায় আদালতের এজলাস থেকে শুরু করে আইনজীবীদের বার, একাধিক ক্ষেত্রে পরিকাঠামোগত ঘাটতি ও সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিচারক থেকে শুরু করে আইনজীবী এবং বিচারপ্রার্থী, সকলেই যাতে মসৃণ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে আইনি পরিষেবা পেতে ও পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যে রাজ্য সরকার একাধিক আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে।
পাশাপাশি নবদ্বীপ আদালতের পরিকাঠামো উন্নয়ন এবং বিচারক নিয়োগের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেন বিরাজ বিশ্বাস। তিনি জানান, বহুদিনের জমে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষ যাতে অহেতুক হয়রানি ছাড়া আইনি সহায়তা পান, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
এই উদ্দেশ্যে আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বার কাউন্সিল নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপের ইঙ্গিত দেন তিনি।
আইনশৃঙ্খলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আরও স্পষ্ট জানান, গুন্ডা দমন আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিশেষত নারী ও শিশু নিরাপত্তা সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় রাজ্য সরকার যে কোনো অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আপসহীন পদক্ষেপ গ্রহণ করছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন