ইম্ফল:এককালের ‘পিলার অফ স্ট্রেন্থ’-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবার আইনি মারপ্যাঁচে কিংবদন্তি বক্সার। প্রাক্তনের করা ফৌজদারি মানহানির মামলায় তোলপাড় বিনোদন ও ক্রীড়া মহল।
অলিম্পিক পদকজয়ী ও প্রবীণ বক্সার মেরি কমের বিরুদ্ধে ক্রিমিনাল ডিফেমেশন বা ফৌজদারি মানহানির মামলা দায়ের করলেন তাঁর প্রাক্তন স্বামী অনলার কম। টেলিভিশন শো এবং অন্যান্য প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলেছেন অনলার।
সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩৫৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। দোষ প্রমাণিত হলে দুই বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। আগামী ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
বর্তমানে ‘বিগ বস’ (Bigg Boss) রিয়েলিটি শো-তে অংশ নিচ্ছেন মেরি কম, ঠিক এমন সময়েই এই আইনি জটিলতা নতুন মোড় নিয়েছে। ২০০৫ সালে গাঁটছড়া বাঁধার পর মেরি কমের বক্সিং কেরিয়ারের অন্যতম বড় সহায়ক হিসেবে পাশে ছিলেন অনলার। দীর্ঘ দাম্পত্যের পর ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। কিন্তু বিচ্ছেদের পরও থামেনি বিতর্ক। আর্থিক তছরুপ এবং অনুমতি ছাড়া সম্পত্তি হস্তান্তরের মতো একাধিক গুরুতর অভিযোগ মেরি কম তুললেও, অনলার সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। পরিবার ও বন্ধুদের প্রশ্নের মুখে পড়ে এবার নিজের সম্মান রক্ষার্থে এবং মিথ্যা অপবাদের বিরুদ্ধে আইনি পথ বেছে নিলেন অনলার। বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন