১ থেকে ৭ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে 'ন্যাশনাল নিউট্রিশন উইক' (National Nutrition Week)। সুস্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে। কিন্তু প্রশ্ন হলো, দিনের শুরুটা কি সত্যিই সঠিক পুষ্টি দিয়ে হচ্ছে?
চা-বিস্কুট, লুচি-আলুর দম কিংবা শুধু টোস্ট—বাঙালির সকালের জলখাবারে কার্বোহাইড্রেটের আধিক্য থাকলেও প্রায়শই বাদ পড়ে যায় অত্যন্ত জরুরি একটি উপাদান: প্রোটিন। কারণ,প্রোটিন হজম হতে সময় নেয়,ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনকি কার্বোহাইড্রেটের মতো প্রোটিন হঠাৎ সুগার স্পাইক তৈরি করে না,যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। সকালের প্রোটিন শরীরের মেটাবলিক রেট বাড়িয়ে সারা দিন সক্রিয় রাখতে সাহায্য করে।
কোনো দামি সাপ্লিমেন্ট ছাড়াই সাধারণ ঘরোয়া খাবারে প্রোটিনের ঘাটতি মেটানো সম্ভব:
ডিম সেদ্ধ বা ওমলেট (২টি) : প্রায় ১২ গ্রাম প্রোটিন
কাঁচা ছানা, পনির ভুর্জি বা স্যান্ডউইচ : প্রায় ১৮–২০ গ্রাম প্রোটিন
লেবু ও শসা সহযোগে স্প্রাউটস (অঙ্কুরিত ছোলা ও মুগ) চাট : প্রায় ৭–৯ গ্রাম
জল ঝরানো টক দই বা স্মুদি : প্রায় ৮–১০ গ্রাম
মুগ ডাল বা বেসনের চিলা সবজি দিয়ে : প্রায় ১০–১২ গ্রাম
সকাল শুরু করুন স্বাস্থ্যকর উপায়ে। প্যাকেটজাত বা মিষ্টিজাতীয় খাবারের বদলে পাতে রাখুন সেদ্ধ ডিম, ছাতুর শরবত বা অঙ্কুরিত ছোলা। 'ন্যাশনাল নিউট্রিশন উইক'(National Nutrition Week)-এ নিজের ও পরিবারের খাদ্যতালিকায় সচেতনভাবে প্রোটিনের সঠিক ভারসাম্য বজায় রাখুন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন