কলকাতা: তিলোত্তমার সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর সম্পর্ক আজকের নয়। স্ত্রী মৃদুলা কলকাতার মেয়ে, সেই সূত্রেই কলকাতার সঙ্গে অভিনেতার আত্মিক টান বহুদিনের। কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। কিন্তু কলকাতা বরাবরই পছন্দের অভিনেতার। বিশেষ করে দুর্গাপুজোর সময় শহরের রূপ আরও মুগ্ধ করে তাঁকে। পুজোর কটাদিন ভবানীপুরে শ্বশুরবাড়িতেই কাটিয়েছেন বলিউড অভিনেতা। পাশাপাশি বাংলা সিনেমায় কাজের ইচ্ছেও প্রকাশ করেছেন।
প্রায় তিন-চার বছর পর স্ত্রী মৃদুলা ও পরিবারের সদস্যদের সঙ্গে নবরাত্রি উদযাপন করেছেন অভিনেতা। মাস্ক পরে ভবানীপুরের একাধিক পুজো মণ্ডপেও ঘুরেছেন তিনি। কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, এই শহর তাঁর কাছে শুধুমাত্র শ্বশুরবাড়ির শহর নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। এখানকার মানুষের ভালোবাসার টানে তিনি বারবার কলকাতায় ফিরতে চান। ‘কলকাতার জামাই’ হিসেবে যে সম্মান ও স্নেহ তিনি পান, তার জন্য নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন অভিনেতা।
দুর্গাপুজোর কলকাতাকে বিশেষভাবে ভালোবাসেন পঙ্কজ। তাঁর কথায়, “কলকাতার মধ্যে এক অদ্ভুত ম্যাজিক আছে, বিশেষ করে দুর্গাপূজার সময়টায়। এখানকার ভক্তি, প্রাণশক্তি, সুন্দর সব প্যান্ডেল ঐতিহ্য এবং মা দুর্গাকে ঘিরে মানুষের একত্রিত হওয়ার ধরন, সবটাই অসাধারণ। এই সময়ে শহরের আত্মাকে অনুভব করা যায়। আমি বরাবরই বাংলার সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের অনুরাগী।” পাশাপাশি চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশও করেছেন অভিনেতা।
তবে এবারের কলকাতা সফরে পঙ্কজের নতুন সংযোজন বাংলা সিনেমায় কাজ করার ইচ্ছে। সৃজিত মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক থাকলেও এখনও পর্যন্ত বাংলা ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি অভিনেতার। এবার অ্যালেন পার্কের পুজোয় শঙ্কুদেব পণ্ডার ‘গুগলি’র মুখে বাংলা ছবিতে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। পঙ্কজ জানিয়েছেন, বাংলা ছবির প্রতি তাঁর আগ্রহ দীর্ঘদিনের। তবে এখনও বাংলা ভাষা পুরোপুরি রপ্ত করতে পারেননি। তাই আগে বাংলা বলা ভালো করে শিখতে চান তিনি।
বিষয় : Durga Puja 2026 Pankaj Tripathi

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন