পাহাড়ের পথে ফের মর্মান্তিক পরিণতি। চার বন্ধুর সঙ্গে পাহাড় ঘুরতে গিয়েছিলেন। কিন্তু ভ্রমণের আগেই শেষ হয়ে গেল জীবন। সান্দাকফু-ফালুট রুটে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। যুবকের বয়স ২৬ বছর। ঘটনাটি জানাজানি হতেই পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
মৃতের নাম প্রিয়তোষ অধিকারী। তিনি কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চার বন্ধুর একটি দল ট্রেকিংয়ের উদ্দেশ্যে পাহাড়ে গিয়েছিল। সিকিমের ওখরে থেকে স্থানীয় এক গাইডকে সঙ্গে নিয়ে তাঁরা ফালুটের দিকে রওনা দেন। মঙ্গলবার ফালুটে পৌঁছনোর পর আচমকাই অসুস্থ বোধ করেন প্রিয়তোষ। রাতেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহটি নিচে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
পাহাড়ি ট্রেকে পর্যটকের মৃত্যুর ঘটনা প্রথম নয়। এর আগেও সান্দাকফু যাওয়ার পথে একাধিক পর্যটকের মৃত্যুর খবর সামনে এসেছে। দুর্গম পাহাড়ি পথে ভ্রমণের সময় উচ্চতা ও শারীরিক অসুস্থতা নিয়ে একাধিক দুর্ঘটনার খবর মিলেছে। প্রিয়তোষের মৃত্যুর সঠিক কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। তবে ফের সান্দাকফু-ফালুটের মতো দুর্গম ট্রেকিং রুটে নিরাপত্তা ও শারীরিক প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বিষয় : Sandakphu

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন