সপ্তাহের শুরুতেই ফের ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে। সোমবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর, বাজার খোলার পর থেকেই প্রধান সূচকগুলি একের পর এক নীচে নামতে থাকে। দিন শেষে সেনসেক্স-নিফটির পতন তো হয়েছেই, পাশাপাশি বিনিয়োগকারীরা মোট সম্পদে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ধাক্কা খেয়েছে। গত ছ’মাসের মধ্যে এদিনই সবচেয়ে নিম্নমুখী প্রধান সূচকগুলি।
১,১২৪.০২ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৭২,৭৭১.৭২-তে। শতাংশের হিসাবে পতন ১.৫২। একই ছবি নিফটি-৫০-তেও। ৩৬০.২৫ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ নেমে সোমবার এই সূচক দাঁড়িয়েছে ২২,৭৮০.২৫-তে। বাজারের মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকেও এদিন চাপ দেখা গিয়েছে। নিফটিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে জ়িয়ো ফিন্যান্সশিয়াল, টাটা মোটর্স প্যাসেঞ্জার ভেহিকেল্স, লার্সেন অ্যান্ড টুব্রো, আদানি এন্টারপ্রাইজেজ এবং আদানি পোর্টসের মতো সংস্থার শেয়ার। তবে টেক মাহিন্দ্রা, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ এবং ইনফোসিসের মতো সংস্থার শেয়ারে দিনের শেষে লাভ হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সূচক প্রায় ৩ শতাংশ এবং টেলিকম সূচক ২.৩ শতাংশ কমেছে। পাশাপাশি জ্বালানি, পরিকাঠামো, ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট, বেসরকারি ব্যাঙ্ক, ধাতু এবং তেল ও গ্যাস ক্ষেত্রের সূচকগুলিও ছিল নিম্নমুখী। এদিন ১৯০টি শেয়ার এক বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে।
কিন্তু কেন এমন টালমাটাল পরিস্থিতি?
বিশ্লেষকদের একাংশের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে রয়েছে, যার জেরে ভারতের আমদানি খরচ বাড়ছে। এর প্রভাব ঘরোয়া বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সরকারি বন্ডের সুদের হার বৃদ্ধিও বিনিয়োগকারীদের চিন্তার কারণ হয়ে উঠেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতাও বাজারের উপর চাপ বাড়াচ্ছে। তাই বিদেশি লগ্নিকারীদের একাংশ ভারতীয় শেয়ার বাজার থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন বলে খবর। আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ব্যাঙ্কের শেয়ারগুলিও এদিন বড় ধাক্কা খাওয়ায় বাজারের উদ্বেগ আরও বেড়েছে।
বিষয় : Share Market

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন