শিলিগুড়ি : ফের আইন নিজের হাতে তুলে নেওয়ার নারকীয় দৃশ্য!
গরু চোর সন্দেহে জনরোষের জেরে ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া ও বাগডোগরা এলাকায়। এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনায় আশঙ্কাজনক আরও এক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু গণপিটুনিই নয়, উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়ে দুটি গাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করে দেয়। ভয়াবহ এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মাটিগাড়া থানার অন্তর্গত তারাবাড়ি এলাকার বালাসন নদীর ধারে। সম্প্রতি শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে রাতের অন্ধকারে গবাদি পশু চুরির একাধিক ঘটনা ঘটছিল।
ফলে আগে থেকেই সজাগ ও সতর্ক ছিলেন গ্রামবাসীরা। শনিবার ভোররাতে বালাসন নদীর তীরে একটি সন্দেহভাজন গাড়িকে ঘোরাফেরা করতে দেখে তৈরি হয় তীব্র সন্দেহ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই চারপাশ থেকে জমা হন একদল উত্তেজিত জনতা। গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে শুরু হয় বেপরোয়া ভাঙচুর।
অভিযোগ, গাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের টেনে হিঁচড়ে বের করে শুরু হয় গণধোলাই। জনরোষ এমন চরম পর্যায়ে পৌঁছায় যে বেধড়ক মারধরের পর আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ! ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।
অন্য এক ব্যক্তি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার আকস্মিকতায় কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় বলে খবর।
উত্তেজনার রেশ এখানেই থামেনি। মাটিগাড়া থানা এলাকায় সন্দেহভাজনদের ব্যবহৃত আরও একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে সেটিতেও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। জোড়া গাড়ি জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া ও বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী। বালাসন নদীর তীর ও তারাবাড়ি এলাকা থেকে ভিড় হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনায় মৃত ও আহত ব্যক্তির সঠিক পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। পুলিশের কড়া বার্তা—গবাদি পশু চুরির অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এই মর্মান্তিক গণপিটুনি ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন