২০ সেপ্টেম্বর, রবিবার মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। মা হওয়ার ১১ দিন পরই ‘সত্যবতী’র জন্মদিন। তাই, এবারের জন্মদিন যে সোহিনীর কাছে বেশ অন্যরকম তা বলাই যায়। ছোট্ট ‘বীরপুরুষ’-কে কোলে নিয়ে ঘরোয়া ভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী। সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সোহিনীর ঘনিষ্ঠ বান্ধবী অঙ্কিতা চক্রবর্তী।
সোহিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অঙ্কিতা লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বীরপুরুষের মা! আমাদের জীবনে তুমি এত সুন্দর একটা উপহার এনে দিয়েছ। বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ সবসময় তোকে ঘিরে থাকুক।’ নিজের জন্মদিনের কেকের পাশাপাশি ছিল আরও একটি বিশেষ কেক। টেডিবিয়ার এবং ছোট্ট শিশুর পায়ের ছাপ দিয়ে সাজানো সেই কেকে লেখা ছিল, ‘ওয়েলকাম বীরপুরুষ।’ পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের সঙ্গেই বিশেষ দিনটি কাটাচ্ছেন অভিনেত্রী। পারিবারিক মুহূর্তের পাশাপাশি শোভনের সঙ্গে তাঁর রোম্যান্টিক ছবিও নজর কেড়েছে অনুরাগীদের। জন্মদিনের কেকেও লেখা ছিল ‘শুভ জন্মদিন সোহিনী’।
উল্লেখ্য, গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে মা-বাবা হতে চলার প্রকাশ্যে এনেছিলেন সোহিনী ও শোভন। বেবি বাম্প আগলে শোভনের সঙ্গে সোহিনীর আদুরে ছবি দেখেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। আর এবার ছোট্ট ‘বীরপুরুষ’-এর আগমনের পর প্রথম জন্মদিনে সেই আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল।
বিষয় : Tollywood Sohini Sarkar

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন