কলকাতা: সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে চরম নৃশংসতার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকা। লিভ-ইন সঙ্গী সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাওয়ায় এক যুবক তাঁর দুটি পোষ্য কুকুরকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও কলে প্রেমিকাকে দেখিয়ে উল্লাস করার অভিযোগও উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার এই হাড়হিম করা ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান বিশিষ্ট অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত এবং অন্যান্য পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। মৃত কুকুর দুটির ময়না তদন্ত এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে তাঁরা জোরালো সওয়াল করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সঞ্জীব ভট্টাচার্য। বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে ডিজে পরীনোভা নামে পরিচিত তাঁর প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি। সম্প্রতি দুজনের মধ্যে ব্যক্তিগত নানা কারণে সম্পর্কের অবনতি ঘটেছিল।
সেই টানাপোড়েনের জেরেই ওই তরুণী সঞ্জীবের সঙ্গে আর একসঙ্গে থাকতে চাননি এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। নিজের দুটি পোষ্য কুকুরকে সঞ্জীবের কাছেই রেখে ওই ফ্ল্যাট ছেড়ে অন্যত্রে চলে যান পরী।
এর পরেই শনিবার সন্ধ্যায় ওই তরুণীকে ভিডিও কল করেন সঞ্জীব। পুলিশ জানিয়েছে, ভিডিও কল রিসিভ করতেই তরুণী যা দেখেন, তাতে তাঁর পায়ের তলার মাটি সরে যায়। তিনি দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুুন : সুকুমার রায়ের ছড়ার ঢঙে বামেদের খোঁচা! ‘হিং-টিং-ছট’ লিখলেন অগ্নিমিত্রা
এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন পরী। ভয়ে ও কান্নায় ভেঙে পড়ে তিনি তৎক্ষণাৎ এলাকার এক যুবককে ফোন করে দ্রুত ওই ফ্ল্যাটে গিয়ে পরিস্থিতি দেখতে বলেন। স্থানীয় ওই যুবক ফ্ল্যাটে পৌঁছে দেখতে পান, একটি নয়, পরীর দুটি পোষ্য কুকুরই মৃত অবস্থায় পড়ে রয়েছে। গোটা ফ্ল্যাটের মেঝে রক্তে ভেসে যাচ্ছে এবং চারপাশে ছড়িয়ে রয়েছে বীভৎসতার চিহ্ন।
খবরটি দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নৃশংস এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের উচ্চ মহলে যোগাযোগ করেন।
দ্রুত কড়া আইনি পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও কথা বলেন। রাতেই যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, কুকুরগুলিকে প্রথমে ইটের আঘাতে নির্মমভাবে মারা হয়েছে এবং একটির গলায় ফাঁস দেওয়া হয়েছিল। বিক্রমগড়ের এই ফ্ল্যাট থেকে একটি দেশি কুকুর এবং একটি বিগল জাতের কুকুরের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি জঘন্য কান্ড ঘটানোর পরও অভিযুক্ত যুবকের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা মানসিক চাঞ্চল্য দেখা যায়নি, যা দেখে হতবাক তদন্তকারীরাও।
সমাজমাধ্যমে লাইভ করে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দেন দেবলীনা দত্ত। তিনি ও অন্যান্য পশুপ্রেমীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে ধৃতের বিরুদ্ধে কঠোর ধারা দিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে এবং ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ স্পষ্ট করতে হবে।
সম্পর্ক ভাঙার ক্ষোভ কী ভাবে একটি জীবন্ত প্রাণের ওপর এত নির্মমভাবে আছড়ে পড়তে পারে, তা নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিক্রমগড়ের এই লোমহর্ষক ঘটনায় অপরাধী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে।
Leave a comment