কলকাতা: অভিনব প্রতিবাদ জানাতে বসে, পুলিশের সঙ্গে তুলকালাম!
উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রগতিশীল ও বামপন্থী সাহিত্যের স্টলে হামলার ঘটনার প্রতিবাদে বইকেই হাতিয়ার করে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু মঙ্গলবার সকালে কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে ‘সংগ্রামী বইপত্র’ শীর্ষক সেই মিনি বইমেলার শুরুতেই চরম পুলিশি বাধার মুখে পড়লেন বামপন্থী পড়ুয়ারা।
আগাম অনুমতি এবং পুরসভার নির্ধারিত কর মেটানো সত্ত্বেও ফুটপাতে স্টল বসাতে না দেওয়ায় পুলিশের সঙ্গে তীব্র বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক ছাত্রছাত্রী।
পরিস্থিতি সামাল দিতে বেলা সাড়ে ১২টা নাগাদ দেবাঞ্জন-সহ বেশ কয়েক জন পড়ুয়াকে আটক করে প্রিজ়ন ভ্যানে তোলে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ স্ট্রিট চত্বর।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের তরফে জানানো হয়েছে, ‘সংগ্রামী বইপত্র’ নামে এই কর্মসূচি গত চার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালিত হয়ে আসছে। এ বার ছিল তার পঞ্চম বর্ষ এবং চার দিন ধরে এই বইয়ের স্টল চলার কথা ছিল।
ছাত্র সংগঠনের দাবি, প্রথা মেনেই জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল, এমনকি প্রয়োজনীয় করও জমা দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সোমবার সন্ধ্যায় হঠাৎই পুলিশ এসে জানায়, ফুটপাত আটকে বইয়ের দোকান করা যাবে না এবং লালবাজার সদর দফতর থেকে এই কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পড়ুয়ারা বই নিয়ে কলেজ স্ট্রিটে পৌঁছলে বিশাল পুলিশবাহিনী তাঁদের পথ আটকায়। শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। এর পরেই প্রতিবাদের অভিনব পথ বেছে নেন তরুণ কমরেডরা। ফুটপাতে বসতে না পেরে সটান কলেজ স্ট্রিটের ট্রাম রাস্তার উপরেই সার দিয়ে বই বিছিয়ে বসে পড়েন তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর ও মধ্য কলকাতার অন্যতম ব্যস্ত এই সড়ক।
মাইক হাতে স্লোগান উঠতে থাকে, ‘বইকে এত ভয় কেন, পুলিশ তুমি জবাব দাও!’ এমনকি, কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশে ছাত্রনেতারা আবেদন জানান, তাঁরা যেন অন্তত নিজেদের বাড়ির ছোটদের জন্য দু’-একটি বই কিনে নিয়ে যান।
এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পরিবর্তনের রাজ্যে পরিকল্পিত ভাবে আমাদের বই বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকেই দু’টি প্রিজ়ন ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। শুধু বইকে আটকানোর জন্য এত বড় পুলিশবাহিনী নামানো হয়েছে! আমরা রাস্তার উপর বই পেতে বিক্রি করব, এটাই আমাদের প্রতিবাদ।”
বেলা ১২টা পেরিয়ে গেলেও পড়ুয়ারা রাস্তা থেকে উঠতে না চাওয়ায় পুলিশের তরফে বারবার মাইকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বেলা সাড়ে ১২টা নাগাদ পুলিশবাহিনী বলপ্রয়োগ করে অবরোধ তুলে দেয় এবং দেবাঞ্জন দে-সহ বিক্ষোভরত এসএফআই সদস্যদের আটক করে নিয়ে যায়। পুলিশের দাবি, ফুটপাত ও রাস্তা আটকে স্টল করার কোনও বৈধ অনুমতি আয়োজকদের ছিল না।
অন্য দিকে, বইয়ের স্টলে এই পুলিশি হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত শূর এক বিবৃতিতে জানান, “অবিলম্বে আটক সকল এসএফআই কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতি বছরের মতো এ বারও যেন কলেজ স্ট্রিটে তাঁদের অস্থায়ী বুকস্টল করতে দেওয়া হয়।” বইপাড়ায় বই বিক্রি ঘিরে এই নজিরবিহীন সংঘাতে শহরের বিদ্বজ্জন মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Leave a comment