•
Home লাইফস্টাইল খাওয়ার পর একটু মিষ্টি চাই? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে বাদাম চাক!
লাইফস্টাইল

খাওয়ার পর একটু মিষ্টি চাই? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে বাদাম চাক!

Share
Hidden Stories News
বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে বাদাম চাক। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: দুপুরে জমিয়ে খাওয়াদাওয়া করলেন। তারপর মনটা কিরম মিষ্টি মিষ্টি করছে। কিন্তু মিষ্টির নাম শুনলেই ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়ার মতো নানা শারীরিক সমস্যার চিন্তা মাথায় আসে। তাহলে নিজের ইচ্ছে বাদ দিয়ে দিতে হবে? একদমই না। বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিষ্টির বিকল্প। চিনাবাদাম আর গুড় দিয়ে সহজে তৈরি করে ফেলুন বাদাম চাক। অল্প কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে এই পদ। তবে মনে রাখবেন, গুড় ও বাদামে ক্যালোরি থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে পরিমাণ বুঝে খাওয়াই ভালো।

কী কী উপকরণ লাগবে?

বাদাম চাক বানাতে প্রয়োজন ২৫০ গ্রাম চিনাবাদাম, ২০০ গ্রাম গুড়, ২৫ গ্রাম মাখন, আধ কাপ জল এবং সামান্য ঘি। উপকরণগুলি প্রায় সব বাড়িতেই থাকে। তাই আলাদা করে বেশি কিছু কিনতে হবে না। 

কীভাবে বানাবেন বাদাম চাক?

প্রথমে একটি কড়াইতে চিনাবাদাম নিয়ে ভালো করে ভেজে নিন। বাদামের খোসা সামান্য আলগা হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর হাতের সাহায্যে খোসা ছাড়িয়ে বাদামগুলিকে গুঁড়িয়ে নিন। তবে একেবারে মিহি গুঁড়ো করে ফেলবেন না। সামান্য দানা দানা থাকলেই খাজার মধ্যে ভালো মুচমুচে ভাব আসবে।

এবার অন্য একটি পাত্রে গুড় ও আধ কাপ জল দিয়ে মাঝারি আঁচে বসান। গুড় পুরোপুরি গলে গেলেও ক্রমাগত নাড়তে থাকুন। গুড়ের রস বোঝার জন্য ঠান্ডা জলে কয়েক ফোঁটা গুড়ের রস ফেলুন। যদি তা শক্ত হয়ে জমে যায় এবং আঙুলের চাপে সহজে নরম না হয়, তা হলে বুঝবেন পাক তৈরি।

এরপর গুড়ের রসে মাখন দিয়ে ভালো করে মেশান। তারপর আগে থেকে গুঁড়িয়ে রাখা চিনাবাদাম দিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।

আগে থেকেই একটি সমতল পাত্রে সামান্য ঘি মাখিয়ে রাখুন। এবার গরম গুড়-বাদামের মিশ্রণটি তাতে ঢেলে দিন। চামচ কিংবা বেলনের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিন। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে ছুরি দিয়ে চাকের আকারে কেটে নিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে তৈরি বাদাম চাক। 

আরও পড়ুন: শীতের যত্নে নতুন মুখ, বোরোপ্লাসের হাত ধরে নতুন ইনিংস মাধুরীর

কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

বাদাম চাক তৈরির আগে দ্রুত থালায় ঘি মাখিয়ে রেখে নিন। কারণ গুড় ও বাদামের মিশ্রণ তৈরি হয়ে গেলে খুব দ্রুত সেটি শক্ত হতে শুরু করে। গুড়ের পাকের দিকেও বিশেষ নজর দিতে হবে। কম জ্বাল হলে ঠিকমতো শক্ত হবে না। আবার অতিরিক্ত জ্বাল দিলে গুড় পুড়ে তেতো স্বাদ তৈরি হতে পারে। বাসি বা নেতিয়ে যাওয়া বাদাম ব্যবহার করবেন না। এতে খাজার স্বাদ ও মুচমুচে ভাব দুটোই নষ্ট হতে পারে। আর মাখন একেবারে বাদ দেবেন না। এটি গুড়ের সঙ্গে মিশে খাজার স্বাদ আরও বাড়িয়ে তোলে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *