শান্তিপুর: কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন ঘিরে চলমান আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের আবহে এ বার সরাসরি বিরোধীদের নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
সোমবার নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাসযাত্রার উদ্বোধনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য সরকার এবং বিজেপি চায় কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন একদম সময়মতোই হোক। কারণ, নির্বাচিত বোর্ড না থাকলে সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
একই সঙ্গে পুরভোটের আইনি জটিলতা এবং শাসক-বিরোধী রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। শমীকের কটাক্ষ, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই জোর করে কোনও পুরবোর্ড, পঞ্চায়েত বা জেলা পরিষদ ভেঙে নিইনি। আর তৃণমূল তো এখন দলটাই নেই, ওরা নিজেরা নিজেদের দিকেই ডিম ছুড়ছে!”
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সম্প্রতি ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দিনরাত এক করে মণ্ডপ সজ্জার কাজ শেষ করেছেন বিভিন্ন বারোয়ারি ও বিগ্রহ বাড়ির উদ্যোক্তারা।
রবিবারই নবদ্বীপের রাস উৎসবের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সোমবার শান্তিপুরের রাসযাত্রার সূচনা করতে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রথমে ঐতিহাসিক আগমেশ্বরী তলার পুজোর উদ্বোধন করেন তিনি এবং পরে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন শান্তিপুর জনসংঘ কল্যাণের পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন।
আরও পড়ুন : ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’! ঘোষণা শুভেন্দুর
উদ্বোধনী পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুরভোট প্রসঙ্গে মুখ খোলেন শমীক। উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং ভোট ঘোষণা নিয়ে বর্তমানে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে।
সেই প্রসঙ্গ টেনে রাজ্য সভাপতি বলেন, “মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরাও চাই পুরভোট সঠিক সময়ে হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। অতীতে যেমন দেখা গিয়েছে, আমরা সে ভাবে জোর করে কোনও পুরসভার বোর্ড, পঞ্চায়েত বা জেলা পরিষদের বোর্ড ভেঙে নিইনি। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পুর পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। তাই সরকারও চায় দ্রুত নির্বাচন করাতে।”
পুরভোটের মামলা এবং বিরোধী রাজনীতির সমীকরণ নিয়ে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকেও এ দিন রেয়াত করেননি শমীক। তীব্র শ্লেষের সুরে তিনি বলেন, “তৃণমূলের কাছে অশোক ভট্টাচার্য আগে ছিলেন অসুর, আর এখন হয়েছেন ভাসুর! উনি মামলা করেছেন। এ বার সরকার কী করবে? সরকার তো নির্বাচন করাতেই চাইছে।”
পাশাপাশি, রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের অন্দরের কোন্দল ও সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “তৃণমূল নিজেরা নিজেদের দিকেই ডিম ছুড়ছে। তৃণমূলের মধ্যে এখন যাঁরা রয়েছেন, যদিও এখন আর দলটাই নেই, তাঁদের মধ্যে নিজেদের মধ্যেই লড়াই চলছে। আসলে ওদের মধ্যে কেউ বেশি খেয়েছেন, আর কেউ কম খেয়েছেন, সেই নিয়েই যত অশান্তি।”
তবে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কঠোর অবস্থান নিয়েছেন, সে কথাও মনে করিয়ে দেন শমীক। তাঁর দাবি, “আমাদের মুখ্যমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।” সব মিলিয়ে, শান্তিপুরের উৎসবের আবহেও শমীক ভট্টাচার্যের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা উসকে দিল।
Leave a comment