মুম্বই: একসময় বলিউডে ‘সিরিয়াল কিসার’ বললেই সকলের আগে মনে পড়ত ইমরান হাসমির নাম। ‘মার্ডার’, ‘জন্নত’, ‘আশিক বনেয়া আপনে’ কিংবা ‘জেহর’-এর মতো একাধিক ছবিতে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য দর্শকের নজর কেড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই পরিচিত ইমেজ থেকে অনেকটাই দূরে সরে এসেছেন অভিনেতা। বরং ভিন্ন স্বাদের চরিত্রে বেশি অভিনয় করছেন তিনি। কিন্তু এবার বাস্তবেই যেন সেই পুরনো ইমারনকে ফিরে পেলেন অনুরাগীরা! সৌজন্যে জেনেলিয়া দেশমুখ। আর সেই মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
‘আওয়ারাপন ২’-এর সাফল্যের পর এবার ‘গানমাস্টার জি৯’ নিয়ে ফিরছেন ইমরান। তাঁর বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। ছবির প্রচার ঘিরে ব্যস্ত দুই তারকা। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর মঞ্চে তাঁরা হাজির হয়েছিলেন। সেখানেই এমন এক কাণ্ড ঘটল, জা ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন: বড়দিনে শাহরুখের ‘কিং’-কে টক্কর দেবের! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র প্রথম ঝলক
ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে জেনেলিয়া একটি বেঞ্চে বসে রয়েছেন। আচমকাই তাঁর কাছে এগিয়ে যান ইমরান। এরপর মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলে নেন অভিনেতা। ইমরানের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে যান রীতেশপত্নী। অন্যদিকে, মঞ্চে উপস্থিত প্রতিযোগীরাও মুহূর্তটি বেশ উপভোগ করেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে।
কেউ ইমরানের পুরনো রোম্যান্টিক ইমেজ ফিরে পাওয়ার মজা নিয়েছেন। কেউ আবার প্রকাশ্যে ইমরানের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিকের রসিক মন্তব্য, ‘রীতেশ, তোমার খেলা শেষ!’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘ভাই আবার নিজের পুরনো অবতারে ফিরে এসেছে!’ অনেকে আবার বিষয়টিকে ভালো চোখে দেখেননি। রিয়ালিটি শোয়ের মঞ্চে এমন আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা।
Leave a comment