25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন King: ‘ধুরন্ধর ২’-এর নকল ‘কিং’? শাহরুখের ঝলক নেটপাড়ায় বিতর্কের ঝড়! 
বিনোদন

King: ‘ধুরন্ধর ২’-এর নকল ‘কিং’? শাহরুখের ঝলক নেটপাড়ায় বিতর্কের ঝড়! 

Share
বিতর্কের মুখে শাহরুখের ‘কিং'! সংগৃহীত ছবি।
Share

কলকাতা: শাহরুখ খান মানেই ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা। রোম্যান্টিক ছবি থেকে অ্যাকশন, সব ধরনের চরিত্রেই নিজেকে নতুন করে মেলে ধরেছেন বলিউডের বাদশা। মঙ্গলবার তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর একটি ঝলক প্রকাশ্যে এনেছেন অভিনেতা। সেখানে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন শাহরুখ। ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ছবি ঘিরে উচ্ছ্বাস চোখে পড়েছে। কিন্তু উন্মাদনার মাঝেই বিতর্কের মুখে পড়ল ছবিটি। 

পোস্টারে দেখা যাচ্ছে, শাহরুখের এক হাতে বন্দুক, ঠোঁটের ফাঁকে গোলাপ, শরীরে আঘাতের চিহ্ন। চারপাশে আগুনের আবহ এবং অভিনেতার রাফ অ্যান্ড টাফ লুক। ঝলকের দৃশ্যসজ্জা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাজেনরা। একাংশের দাবি,  রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে নাকি বেশ কিছু মিল রয়েছে শাহরুখের ছবির ঝলকে। যদিও এই অভিযোগ নিয়ে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারীর মন্তব্য, “চেহারা, আগুন আর ফ্রেম নকল করা যায়, কিন্তু তাতে ‘ধুরন্ধর’ হওয়া যায় না।”  ঝলকটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং নিম্নমানের বলেও অভিযোগ করেছেন তিনি। আর একজন লিখেছেন, প্রতিটি ভাল শিল্পকর্মেরই নাকি একটি সস্তা সংস্করণ থাকে। ছবির চিত্রনাট্য নিয়েও শুরু হয়েছে কটাক্ষ। অভিযোগ, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ঝলকের নকশার সঙ্গে ‘কিং’-এর মিল বেশ ভালই বোঝা যাচ্ছে। 

এখানেই শেষ নয়। আবার একজনের দাবি, ‘কিং’-এর প্রথম ঝলকের সঙ্গে ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’-এর মিল রয়েছে, আর দ্বিতীয় ঝলকটি নাকি ‘ধুরন্ধর ২’-এর আদলে তৈরি। এই পরিপ্রেক্ষিতেই পরিচালক সিদ্ধার্থ আনন্দকে কটাক্ষ করেছেন তিনি। 

‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। এ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কপূর এবং আরশাদ ওয়ারসি। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের আবহে মুক্তি পাওয়ার কথা। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *