25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News KolkataMunicipalCorporation: কলকাতা পুরভোটে বিরাট মোড়! ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা খারিজ হতেই মাস্টারস্ট্রোক রাজ্যের
Top-Newsকলকাতা

KolkataMunicipalCorporation: কলকাতা পুরভোটে বিরাট মোড়! ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা খারিজ হতেই মাস্টারস্ট্রোক রাজ্যের

Share
ফাইল ছবি
Share

কলকাতা: আসন্ন পুরভোটের প্রাক্কালে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেল রাজ্য প্রশাসন। কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ বিরোধীদের সমস্ত আবেদন খারিজ করে দেওয়ায়, নির্ধারিত নিয়মেই নতুন ২০৯টি ওয়ার্ডে ভোট করাতে আর কোনো আইনি বাধা রইল না। তবে মামলাটি সম্পূর্ণ খারিজ হয়নি, আগামী শুনানিতে উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে কলকাতার পুরনো ১৪৪টি ওয়ার্ড ভেঙে মোট ২০৯টি ওয়ার্ডে বিন্যস্ত করা হয়েছে। কিন্তু এই পুনর্বিন্যাসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। শুনানিপর্বে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করে জানান, এই ডিলিমিটেশন প্রক্রিয়া আদতে শহরবাসীর ওপর অতিরিক্ত খরচের বোঝা ছাড়া কিছু নয়। জনসংখ্যা ও অনুপাত মেনে সুনির্দিষ্টভাবে ওয়ার্ডগুলোর বিন্যাস করা হয়নি বলেও অভিযোগ তোলা হয়। এমনকি বিরোধী শিবিরের দাবি ছিল, বিধানসভা নির্বাচনের রাজনৈতিক ফলাফলের কথা মাথায় রেখেই পরিকল্পিতভাবে এই আসন পুনর্বিন্যাস করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতের সামনে যুক্তি দিয়ে জানান যে, কলকাতার এই আসন পুনর্বিন্যাসের বিষয়ে বিধানসভায় যে প্রস্তাব পাশ হয়েছিল, তাতে রাজ্যপালের পূর্ণ অনুমোদনও রয়েছে। গত অগস্ট মাস থেকে এই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও এতদিন কেন কোনো রাজনৈতিক দল বা পক্ষ আপত্তি তুলল না, সেই প্রশ্নও তোলেন তিনি। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত আপাতত ভোটের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আদালতের এই রায়ের পর অবশ্য ভিন্ন মত প্রকাশ করেছেন বিরোধী শিবির। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আশঙ্কা, নির্বাচনের এই সময়ে ভোট হয়ে গেলেও আগামী দিনে আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে পুরো ডিলিমিটেশন প্রক্রিয়াটির বৈধতা। অন্যদিকে, বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি অবশ্য মনে করছেন যে, আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে আটকে না থেকে আদালত প্রাথমিক পর্যায়ে কোনো বেনিয়ম দেখতে পায়নি বলেই এতে হস্তক্ষেপ করেনি। সবমিলিয়ে, আদালতের এই নির্দেশের পর এবার কলকাতা পুরভোটের ময়দানে রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার ও প্রস্তুতিতে নামার সুযোগ পেয়ে গেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *