•
Home Top-News Shubman Gill: নজরে সেই রো-কো! প্রথম একদিনের আগে বড় ঘোষণা গিলের
Top-Newsখেলা

Shubman Gill: নজরে সেই রো-কো! প্রথম একদিনের আগে বড় ঘোষণা গিলের

Share
অকল্যান্ডে দুই অধিনায়ক। ছবি: বিসিসিআই
Share

অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরুর আগে ভারতীয় দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে বড় আপডেট ভারত অধিনায়ক শুভমন গিল। বুধবারে অকল্যান্ডে কিউইদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল সাফ জানিয়ে দিলেন, দলের প্রথম চার ব্যাটারের পজিশন একদম পাকা। আর সেই টপ ফোরে রয়েছেন শুধুই ডানহাতি ব্যাটাররা!

শুভমন গিলের নিজের পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স আয়ারের। তবে টপ ফোরের ডানহাতি আধিপত্যের পর মিডল অর্ডারে যে বাঁহাতি-ডানহাতি বিকল্পের বৈচিত্র্য থাকছে, তাও স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক।

ফ্লেক্সিবল ব্যাটিং অর্ডার ও বাঁহাতি বিকল্প

গিল জানিয়েছেন, দলের ৫ ও ৬ নম্বর পজিশনের জন্য একটি নমনীয় বা ‘ফ্লেক্সিবল’ পরিকল্পনা রাখা হয়েছে। এই দুটি পজিশনে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের দুই অভিজ্ঞ এবং বাঁহাতি অস্ত্র কে এল রাহুল এবং অক্ষর প্যাটেলকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা হবে।

গিলের বক্তব্য, “আমাদের প্রথম চার জন পাকা এবং সবাই ডানহাতি। রোহিত ভাই, বিরাট ভাই, শ্রেয়স আর আমি। তাই ম্যাচ ও পরিস্থিতির চাহিদা অনুযায়ী যদি বাঁহাতি ব্যাটারের প্রয়োজন পড়ে, তবে অক্ষর ভাই নামবে। আবার খেলার পরিস্থিতি বুঝে কে এল ভাইও নামতে পারে। এই পজিশন গুলো নিয়ে আমাদের সম্পূর্ণ নমনীয় পরিকল্পনা রয়েছে।”

হার্দিক পাণ্ড্যর কামব্যাক এবং ৭-৮ নম্বর পজিশন

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার কোটার এক অবিচ্ছেদ্য অঙ্গ হার্দিক পাণ্ড্যর কামব্যাক প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন অধিনায়ক শুভমন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় দলে ফেরার আগে হার্দিককে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে ফিটনেস প্রমাণ করতে হবে।

আরও পড়ুন: এক পায়ে বিশ্বজয়! আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ গ্লেন ম্যাক্সওয়েলের

হার্দিককে প্রশংসায় ভরিয়ে দিয়ে গিল বলেন, “যখন হার্দিক ভাই ফিরবে, তখন দলের ৭ ও ৮ নম্বর পজিশন এমনিতেই শক্তিশালী হয়ে যাবে। ও একজন দুর্দান্ত অলরাউন্ডার। বিশ্বজুড়ে এমন স্কিল সেট রয়েছে এমন খেলোয়াড় খুব কমই আছে। বোলিংয়ের বিভিন্ন পর্যায়ে ওকে ব্যবহার করা যায়। নতুন বল হোক কিংবা পুরনো বল, ও দুই ক্ষেত্রেই সমান কার্যকরী। ওর ইনজুরির বিষয়টি সত্যিই দুর্ভাগ্যজনক। আইপিএলের পর থেকে ও আর খেলেনি। আশা করছি, ও শীঘ্রই ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচ খেলে সম্পূর্ণ ফিট হয়ে ভারতীয় দলে ফিরবে।”

উল্লেখ্য, শুভমন গিল নিজে সিরিজের প্রথম তিনটি ওডিআই ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। এরপর মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য তাঁকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হবে।

চোট-আঘাত নিয়ে স্বস্তির বার্তা

গত বছরের নভেম্বর মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ঘাড়ে গুরুতর চোট (cervical disc bulge and neck spasm) পেয়েছিলেন শুভমন গিল। যার ফলে স্নায়ুর সমস্যায় প্রায় এক মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। তবে কিউই সফরের আগে নিজের চোট ও ফিটনেস নিয়ে সমস্ত জল্পনা ও উদ্বেগ উড়িয়ে দিয়েছেন তরুণ ওপেনার।

নিশ্চিত করে গিল বলেন, “আমার ঘাড় নিয়ে আর কোনও সমস্যা নেই। আমি প্রায় দেড় ঘণ্টা ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছি এবং কোনও রকম অসুবিধা ছাড়াই ফিল্ডিং ড্রিল সম্পন্ন করেছি। শারীরিক দিক থেকে এখন আমি সম্পূর্ণ ফিট।”

বিশ্বকাপের প্রস্তুতি এবং একদিবসীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে ভারত অধিনায়কের এই মাস্টারস্ট্রোক কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। অকল্যান্ডের সবুজ বাইশ গজে বুধবার ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে ভারতের এই সুপরিকল্পিত ব্যাটিং লাইন-আপ কেমন পারফরম্যান্স করে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *