নতুন দিল্লি: তদন্ত সংক্রান্ত ব্যক্তিগত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া এবং একপ্রকার ‘মিডিয়া ট্রায়াল’-এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে গিয়েও কাঙ্ক্ষিত সুরাহা পাননি তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টে বারবার দ্রুত শুনানির আর্জি জানিয়েও তা গুরুত্ব না পাওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে শীর্ষ আদালত সরাসরি কোনো মন্তব্য না করলেও, মামলাটি ফের কলকাতা হাই কোর্টেই ফিরিয়ে দিয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে হাই কোর্ট যেন দ্রুত আবেদনটি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।
এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। শুনানির সময় অভিষেকের আইনজীবী শোয়েব আলম আদালতে সওয়াল করেন যে, তাঁর মক্কেলের বিরুদ্ধে চলা বিভিন্ন তদন্তের নানা গোপনীয় তথ্য প্রায় প্রতিদিনই তদন্তকারী সংস্থা ও কিছু সংবাদমাধ্যমের যোগসাজশে প্রকাশ্যে চলে আসছে। এর ফলে তদন্তের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি হাই কোর্টে মামলা দায়ের করার পর বিচারপতি পরিবর্তন এবং দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ার বঞ্চনার কথাও শীর্ষ আদালতকে জানান আইনজীবী।
আরও পড়ুন: দীপাবলিতে ধামাকা! চা শ্রমিকদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী https://hiddenstories.news/2026/11/03/suvendu-adhikari-announces-50kg-rice-5000-cash-for-tea-workers-uttarkanya-meeting/
যদিও মামলার মূল বিষয়বস্তুতে প্রবেশ করেনি সুপ্রিম কোর্ট। তবে আগামী ১৬ নভেম্বর পুজোর ছুটির পর হাই কোর্ট খুললেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে নতুন করে দ্রুত শুনানির আবেদন জানাতে পারেন, সেই পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে হাই কোর্টে বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি তাঁর এজলাসের বিচার্য নয় বলে সরে দাঁড়ান এবং পরবর্তীতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসেও দ্রুত শুনানির আর্জি নাকচ হয়ে যায়। মূলত তদন্ত শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ বন্ধ করা এবং পুলিশ যাতে এই বিষয়ে কঠোর পদক্ষেপ করে, সেই দাবি নিয়েই হাই কোর্টের শরণাপন্ন হয়েছিলেন অভিষেক। এখন শীর্ষ আদালতের এই বার্তার পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
Leave a comment