•
Home Top-News Cracker Raid: কালীপুজোর মুখে রাজ্যজুড়ে পুলিশি তৎপরতা! দেদার বাজির কারখানা থেকে বিপুল বাজি বাজেয়াপ্ত হতেই গ্রেফতারির আশঙ্কায় ভয়ে পুরুষশূন্য গোটা গ্রাম
Top-Newsকলকাতা

Cracker Raid: কালীপুজোর মুখে রাজ্যজুড়ে পুলিশি তৎপরতা! দেদার বাজির কারখানা থেকে বিপুল বাজি বাজেয়াপ্ত হতেই গ্রেফতারির আশঙ্কায় ভয়ে পুরুষশূন্য গোটা গ্রাম

Share
৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার। ফাইল ছবি
Share

কোলাঘাট: কালীপুজো ও দেওয়ালির আগে নিষিদ্ধ শব্দবাজির রমরমা রুখতে রাজ্যজুড়ে প্রশাসনের কড়া নজরদারি ও ধারাবাহিক তল্লাশি অভিযান শুরু হয়েছে। এরই মাঝে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ গ্রামে বিশাল পুলিশি অভিযানকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশি তল্লাশিতে দফায় দফায় উদ্ধার হয়েছে প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির বিপুল কাঁচামাল। আর পুলিশের এই লাগাতার অভিযানের পরেই গ্রেফতারির মারাত্মক আশঙ্কায় গ্রাম ছেড়ে চম্পট দিয়েছে পয়াগের প্রায় সমস্ত পুরুষ মানুষ! মুহূর্তে নিস্তব্ধ ও পুরুষশূন্য হয়ে পড়েছে গোটা গ্রাম।

সোমবার সকালে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পয়াগ গ্রামের একাধিক বাজি কারিগরের বাড়িতে একযোগে হানা দেয় পুলিশ। এদিনের তল্লাশিতেই প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, এর সপ্তাহ দুই আগেই এই একই গ্রামের বাজি ব্যবসায়ী রাজকুমার হাইতের বাড়িতে আচমকা অভিযান চালিয়ে আরও ৪০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছিল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পয়াগ গ্রামে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার বছরের পর বছর ধরে বেআইনিভাবে নিজেদের বাড়িতে বাজি তৈরির ব্যবসার সাথে যুক্ত। অতীতে রাজ্যে বিভিন্ন বেআইনি বাজি কারখানায় একাধিক ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটায়, এবার বর্তমান বিজেপি সরকারের আমলে বেআইনি বাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়ে নামানো হয়েছে পুলিশ প্রশাসনকে।

আরও পড়ুন: ২০১৮ সালের পর আর বাড়েনি ভাড়া, ‘কোমা’য় চলে যাওয়া গণপরিবহণ বাঁচাতে এবার ন্যূনতম ভাড়া দ্বিগুণেরও বেশি করার দাবি

পুলিশের এই মেগা অ্যাকশনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই গ্রেফতারির ভয়ে গ্রামের পুরুষরা ঘরবাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছে। তবে সোমবারের অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাজিবিরোধী এই কড়া অভিযানের আঁচ পড়েছে জেলার অন্যান্য প্রান্তেও। একই দিনে হলদিয়ার দুর্গাচক থানার ডি ব্লকের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি অবৈধ বাজি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুর্গাচক থানার পুলিশ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে। পুজোয় নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য থামাতে পুলিশের এই কড়া অবস্থান যেমন প্রশংসা কুড়োচ্ছে, তেমনই পয়াগ গ্রামের এই হঠাৎ নিস্তব্ধতা গোটা এলাকায় জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *