নতুন দিল্লি: প্রতিবাদের অধিকার সবার রয়েছে, কিন্তু আন্দোলনের নামে অনির্দিষ্টকালের জন্য কোনো রাস্তা বা জায়গা দখল করে রাখা চলবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মধ্য দিল্লিতে চলা টানা বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক পর্যবেক্ষণ পেশ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধান প্রদত্ত প্রতিবাদের অধিকারের পাশাপাশি সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার অধিকারের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এমনকি সরকার কর্তৃক প্রতিবাদের জন্য নির্ধারিত স্থানগুলিতেও আন্দোলনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেছে শীর্ষ আদালত।
গত মাসে দিল্লির যন্তর মন্তরে ছাত্র যুবদের বিক্ষোভ এবং সম্প্রতি রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচির জেরে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে রাজধানীর বুকে। সেই প্রেক্ষিতেই দায়ের হওয়া মামলার মঙ্গলবার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, কেউই অনন্তকালের জন্য কোনো একটি জায়গা দখল করে বসে থাকতে পারেন না। আজ যদি একটি গোষ্ঠী সব জায়গা দখল করে রাখে, তবে পরবর্তীতে কৃষক, সাংবাদিক বা অন্যান্য সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে চাইলে কোথায় যাবেন? আদালত আরও জানায়, পুলিশ যদি কাউকে আন্দোলনের অনুমতি দেয় কিংবা অনুমতি বাতিল করে, উভয় ক্ষেত্রেই স্পষ্ট কারণ দর্শাতে হবে।
আরও পড়ুন: দিল্লি থেকে কলকাতা যাওয়ার বিমানভাড়া ১০ হাজার থেকে একলাফে ৭৮ হাজার! উৎসবের মরশুমে অগ্নিমূল্য টিকিটে মাথায় হাত যাত্রীদের https://hiddenstories.news/2026/11/03/delhi-to-kolkata-flight-fare-jumps-from-10-thousand-to-78-thousand-passengers-in-distress-over-sky-high-ticket-prices-ahead-of-festive-season/
দিল্লির প্রাণকেন্দ্রে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দীর্ঘদিনের এই আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ‘কিরানা কমিটি দিল্লি’ নামক একটি ব্যবসায়ী সংগঠন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে অভিযোগ জানায় যে, ওই এলাকায় অন্তত ৫০ লক্ষ মানুষ বসবাস করেন। টানা বিক্ষোভের জেরে কনট প্লেসের মতো ব্যস্ততম বাজারে বিকিকিনি একপ্রকার স্তব্ধ। অতিরিক্ত পুলিশ মোতায়েন, ঘনঘন মেট্রো স্টেশন বন্ধ এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের প্রভূত লোকসান হচ্ছে। এই সমস্ত আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত কেন্দ্র সরকারকে নোটিস জারি করলেও, আন্দোলনকারীদের বক্তব্য না শুনে চূড়ান্ত নির্দেশ দিতে অস্বীকার করেছে এবং প্রতিবাদী সংগঠনকেও মামলায় পক্ষ করার নির্দেশ দিয়েছে।
Leave a comment