মুম্বই: উৎসবের মরশুমেই ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিশাল অভিযান চালাল মহারাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফডিএ। প্রশাসনের এই অল-আউট অভিযানে মোট ৯ কোটি টাকারও বেশি মূল্যের খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, বাজেয়াপ্ত হওয়া খাদ্যদ্রব্যের তালিকায় নাম জুড়েছে পতঞ্জলির পণ্যেরও। শুধু নিম্নমানের খাবার বাজেয়াপ্ত করাই নয়, অনিয়মের অভিযোগে পতঞ্জলির ডিস্ট্রিবিউটর-সহ মোট ১৯ জন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে এফডিএ।
প্রশাসন সূত্রে খবর, মহারাষ্ট্রের ৭টি জোনের অন্তত ১১৪টি পৃথক স্থানে এই ম্যারাথন অভিযান চালানো হয়। মোট ৩.৩৫ লক্ষ কেজি খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা, যার বাজারমূল্য ৯.০১ কোটি টাকা। অভিযানে ছত্রপতি সম্ভাজিনগরে পতঞ্জলি আয়ুর্বেদের সুপার ডিস্ট্রিবিউটর ‘মেসার্স দিব্যা মহাবিতরক’-এর গোডাউনে হানা দিয়ে ২০.২০ লক্ষ টাকা মূল্যের ২,২৭৯ লিটার পতঞ্জলির ঘি বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে ৪,০৩২ ইউনিট ঘি বাজেয়াপ্ত করা হয়, যা খাদ্য সুরক্ষার মানদণ্ড পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এছাড়াও অভিযানের জল গড়িয়েছে অন্যান্য বড় সংস্থার দোরগোড়ায়। ভিওয়ান্ডির অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড থেকেও ১ লক্ষ ৪৪ হাজার কেজির বেশি ভোজ্য তেল এবং বিপুল পরিমাণ চাল, ডাল ও গুড় বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে মুম্বই, অমরাবতী ও সম্ভাজিনগরের ১৯টি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর হওয়ায় সেগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে। পতঙ্গ নিয়ন্ত্রণের অভাব, অপরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় নথির অভাবেই এই কড়া পদক্ষেপ।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ধাক্কা! ১৫ ফেব্রুয়ারি নয়, পিছোচ্ছে পরীক্ষা? জল্পনার মাঝেই সামনে এল চাঞ্চল্যকর কারণ https://hiddenstories.news/2026/11/03/big-shock-for-madhyamik-examinees-exam-postponed-from-february-15-sensational-reason-comes-to-light-amid-speculations/
এখানেই শেষ নয়, নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে প্রায় ৭৯.৪০ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্তের পাশাপাশি ১৭টি সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ, ১৩টি এফআইআর, ৭টি দোকান সিল এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি এফএসএসএআই-এর তরফে টাটা ১এমজি, অ্যামাজন এবং ফ্লিপকার্টকেও লেবেলিং ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য শো-কজ নোটিস পাঠানো হয়েছে। উৎসবের মরশুমে ভেজাল কারবারিদের এই অসাধু চক্র সামনে আসায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
Leave a comment