কলকাতা: সম্পত্তি করের বকেয়ায় ১০০ শতাংশ সুদ ও জরিমানা মকুব করার লোভনীয় ‘ওয়েভার-স্কিম’ চালু করার পরেও আশানুরূপ সাড়া মিলল না। গত তিন সপ্তাহে কলকাতার মাত্র শ’পাঁচেক করদাতা এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করেছেন। অথচ বর্তমানে খাস কলকাতায় সম্পত্তি কর বকেয়া রয়েছে এমন করদাতার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৮ জন। চার লক্ষের কাছাকাছি নাগরিকের এমন বিরাট অঙ্কের কর বকেয়া থাকায় ৭৮৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে কলকাতা পৌরসংস্থা। সাধারণ মানুষের এই অনীহার নেপথ্যে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর না থাকা কিংবা দীর্ঘদিন ধরে পুরপরিষেবা ঠিকমতো না পাওয়ার ক্ষোভ রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ বকেয়া মেটানোর জন্য বেসরকারি ও অবাণিজ্যিক করদাতাদের ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যে যদি তাঁরা কর পরিশোধ না করেন, তবে ডিসেম্বরের শুরু থেকেই পুরসভার অ্যাসেসমেন্ট সুপারভাইজার ও ট্যাক্স কালেক্টররা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করবেন। পুরসভার ট্রেজারি বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, অনেক সময় অনলাইন পোর্টালে জটিলতার কারণে নাগরিকরা কর দিতে পারেন না। তাই পুরকর্মীরা সরকারি ল্যাপটপ ও কিউআর কোড স্ক্যানার সঙ্গে নিয়ে একেবারে গৃহস্থের দরজায় হাজির হবেন এবং ওয়েভার স্কিমের সুবিধা পাইয়ে দিতে সাহায্য করবেন। কলকাতার ইতিহাসে এই প্রথম বাড়ি বাড়ি গিয়ে এমন অভিনব পদ্ধতিতে কর সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দীপাবলির আগেও চলেছে হানা! নবদ্বীপে সিল দুই রেস্তোরাঁ https://hiddenstories.news/2026/11/03/nabadwip-food-safety-raid-rotten-food-burnt-oil-restaurants-sealed-nadia/
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে পুরসভার এই বিশেষ স্কিম চালু হলেও মাত্র পাঁচশো মানুষের সাড়া পাওয়ায় পুরকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও পুজোর ছুটির জন্যই এই খরা বলে সাফাই দিচ্ছেন পুরকর্তাদের একাংশ, তবে পালটা প্রশ্ন উঠছে যে অনলাইন পোর্টাল তো সবসময়ই খোলা ছিল। এত বড় ছাড়ের পরেও কেন নাগরিকরা এগিয়ে আসছেন না? জানা গিয়েছে, এই মুহূর্তে প্রায় চার লাখ করদাতার কাছে পুরসভার বকেয়া সম্পত্তি কর বাবদ ৬,৮৫৪ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। এছাড়া জরিমানা বাবদ প্রায় ৪০১ কোটি এবং সুদ বাবদ ৩,৩১৪ কোটি টাকা বকেয়া পড়ে আছে। এই পরিস্থিতিতে পুরভোটের আগে বকেয়া টাকা তুলতে বড়সড় প্রচারের পাশাপাশি বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুরপ্রশাসন।
Leave a comment