•
Home Top-News কুলিকের জঙ্গলে নাবালিকাকে ‘ধর্ষণ-খুন’, বাংলা-বিহার সীমানায় পুলিশের গুলিতে খতম অভিযুক্ত ‘জেঠু’
Top-Newsপশ্চিমবঙ্গ

কুলিকের জঙ্গলে নাবালিকাকে ‘ধর্ষণ-খুন’, বাংলা-বিহার সীমানায় পুলিশের গুলিতে খতম অভিযুক্ত ‘জেঠু’

Share
বাংলা-বিহার সীমানায় এনকাউন্টার স্থল। নিজস্ব ছবি
Share

রায়গঞ্জ: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ এবং নারী সুরক্ষায় কড়া বার্তার মাঝেই ফের পুলিশের এনকাউন্টার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বাংলা-বিহার সীমান্ত এলাকায় রবিবার গভীর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যে সরকার বদলের পর পুলিশের গুলিতে মোট চারজন অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটল।

গত ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রায়গঞ্জের কমলাবাড়ি এলাকার এক ১২ বছরের কিশোরী। পরিবারের অভিযোগ, পাশের বাড়ির সম্পর্কে জেঠু দিলীপ রায় কুলিক নদী দেখানোর নাম করে তাকে ফুসলিয়ে নিয়ে যান। 

এর পর থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। নিখোঁজ ডায়েরির দু’দিন পর গত শুক্রবার রায়গঞ্জের আব্দুলঘাটার কুলিক জঙ্গলের পচাগলা দেহ উদ্ধার হয়। নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারের পরেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং পরিবার ধর্ষণ ও খুনের অভিযোগ তোলে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত দিলীপ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের আদি বাড়ি ঝাড়খণ্ডে। সীমান্ত এলাকা হওয়ার সুযোগ নিয়ে তিনি বিহারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের পাড়ারপুকুর এলাকায় তিনি লুকিয়ে রয়েছেন। রবিবার রাত দু’টো থেকে আড়াইটে নাগাদ বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় বিশাল পুলিশবাহিনী অভিযান চালায়। পুলিশ দিলীপ রায়ের কাছাকাছি পৌঁছোলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

পুলিশের দাবি, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন দিলীপ। এমনকী পুলিশের গাড়ির টায়ার লক্ষ্য করেও পরপর গুলি ছোড়া হয় যাতে গাড়ি এগোতে না পারে। আত্মরক্ষার্থে এবং বাধ্য হয়েই পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিতে লুটিয়ে পড়েন অভিযুক্ত। সঙ্গে সঙ্গে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং এটা গণধর্ষণের ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা! গ্রেফতার প্রেমিকা ও তাঁর মা, নেপথ্যে মারাত্মক রহস্য?

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে অপরাধ দমনে পুলিশকে ‘খোলা হাত’ দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত ২৯ অক্টোবর রায়গঞ্জের এক জনসভায় তিনি সাফ জানিয়েছিলেন, নারী নির্যাতন বা অপরাধমূলক কার্যকলাপ বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না। মা-বোনদের সুরক্ষায় পুলিশ প্রয়োজনীয় সব কটি কঠোর পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির মাত্র এগারো দিনের মাথায় রায়গঞ্জের এই এনকাউন্টারের ঘটনা ঘটল।

এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুরূপ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এরপর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় এনকাউন্টারে। একই দিনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনে ধৃত সামাউল হকের মৃত্যু হয় পুলিশের গুলিতে। রায়গঞ্জের ঘটনা সেই তালিকার চতুর্থ সংযোজন।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ‘‘আইনের বিরুদ্ধে গেলে, আইন হাতে নিলে বা আইন ভাঙলে পুলিশের সামনে আসতে হবে। পুলিশ বাধ্য হবে এরকম কিছু করতে। এরকম পরিস্থিতি যেন না আসে। সবাই আইনের পথে চলুক।’’ 

অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও প্রশাসনের এমন আগ্রাসী ভূমিকাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক তৈরি হলেও, রাজ্যে অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *