কলকাতা: ক্ষমতা হাতছাড়া হওয়ার জল্পনা এবং রাজনৈতিক পালাবদলের আবহেই ফের একবার রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার খড়্গহস্ত হতে দেখা গেলেও, এবার সুর সম্পূর্ণ বদলে ফেললেন তিনি। মদনের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলের নিয়ন্ত্রণ যেভাবে কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস সঠিক পথেই এগোচ্ছে। তাঁর ভবিষ্যদ্বাণী, এভাবে দল পরিচালনা করা হলে আগামী দিনে তৃণমূলের ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে রাজ্যের শাসকদল।
উল্লেখ্য, পালাবদলের পর থেকেই দলের অন্দরে কোন্দল ও ভাঙন নিয়ে বহুবার সরব হয়েছেন মদন মিত্র। এর আগে একাধিক অনুষ্ঠানে অভিষেকের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়ে তাঁর চোখের জল ফেলার দৃশ্যও রাজ্য রাজনীতিতে কম চাঞ্চল্য তৈরি করেনি। এমনকি দলের বহু পুরনো নেতার সঙ্গ ছেড়ে দূরত্ব তৈরির ঘটনাও প্রকাশ্যে এসেছে। তবে সাম্প্রতিক এই পটপরিবর্তনে কামারহাটির নেতার গলায় সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল। তাঁর সাফ কথা, অভিষেককে সরিয়ে তৃণমূলের দায়িত্ব আপাতত যাদের হাতে সঁপে দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে তিনি ও তাঁর সহকর্মীরা যথেষ্ট খুশি।
আরও পড়ুন : কোন কোন বিচারপতি কার লোক? অভিষেককে তালিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
অন্যদিকে, মদন মিত্রের এই বিস্ফোরক মন্তব্য এবং তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। মদনের ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, সমস্ত পারিবারিক রাজনৈতিক দলেরই শেষপর্যন্ত একই পরিণতি হয়। দলের মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সর্বেসর্বা হয়ে সমস্ত দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়, অতীতে কংগ্রেসের ক্ষেত্রেও ঠিক একই দৃশ্য দেখা গিয়েছে। তৃণমূলের বর্তমান অবস্থাও ঠিক তেমনই দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি। দিলীপের মতে, দল এখন সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, ফলে এই মুহূর্তে যতই চেষ্টা হোক না কেন, তার আর কোনো সুরাহা বা সংশোধন সম্ভব নয়।
Leave a comment