•
Home Top-News ভারতের নাগাল থেকে চিরতরে বাইরে ললিত মোদী! ব্রিটিশ পাসপোর্ট হাতে পেতেই করলেন বিরাট ঘোষণা!
Top-Newsদেশবিশ্ব

ভারতের নাগাল থেকে চিরতরে বাইরে ললিত মোদী! ব্রিটিশ পাসপোর্ট হাতে পেতেই করলেন বিরাট ঘোষণা!

Share
হিডেন স্টোরিজ নিউজ
ললিত মোদি। ফাইল ছবি
Share

লন্ডন: ভারতের মাটিতে বিশাল অঙ্কের আর্থিক দেনা এবং একাধিক আইনি জট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কড়া নজরদারি সত্ত্বেও আইন ও নিয়মের ফাঁক গলে অবশেষে ভারত সরকারের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে চলে গেলেন পলাতক শিল্পপতি ললিত মোদী। ভারতের নাগরিকত্ব চিরতরে ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করলেন তিনি। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ব্রিটিশ পাসপোর্ট হাতে পাওয়ার সুখবর ভাগ করে নেন আইপিএলের এই অন্যতম প্রতিষ্ঠাতা।

জানা গিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসেই ভারতের পাসপোর্ট ত্যাগ করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছিলেন ললিত মোদী। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে তিনি নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আর্জি জানান। এর আগেই তিনি একটি এজেন্সির মাধ্যমে ব্রিটেনের নাগরিকত্ব লাভের আবেদন করে রেখেছিলেন। শনিবার সেই কাঙ্ক্ষিত ব্রিটিশ পাসপোর্ট হাতে পাওয়ার পরেই উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এটি তাঁর জীবনের অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং ব্রিটেনকে দীর্ঘদিনের বাসস্থান হিসেবে পেয়ে তিনি সম্মানিত। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনাকে কি তবে শীঘ্রই ফেরত পাঠাচ্ছে ভারত? 

প্রসঙ্গত, আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদীর বিরুদ্ধে রয়েছে আর্থিক তছরুপ সহ একাধিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-সহ দেশের একাধিক শীর্ষ তদন্তকারী এজেন্সি। ২০১০ সালেই দেশ ছেড়ে পালিয়েছিলেন ললিত। আইনি জটিলতা ও গ্রেপ্তারি এড়াতেই তিনি প্রথমে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আশ্রয় নেন এবং পরবর্তী সময়ে পাকাপাকিভাবে লন্ডনে থাকতে শুরু করেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করার জন্য দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও আইনি স্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব হাতে পেয়ে যাওয়ায় তাঁকে প্রত্যর্পণ করার আইনি লড়াই আরও কঠিন হয়ে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২০০৯ সালে আইপিএল টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার নেপথ্যেও বড় ভূমিকা ছিল তাঁর। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ললিত মোদীর বিরুদ্ধে ‘ফেমা’ (FEMA) আইন লঙ্ঘনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। ইডির দাবি ছিল, রিজার্ভ ব্যাঙ্কের পূর্বানুমতি ছাড়াই আইপিএল আয়োজনের নামে বিদেশি সংস্থাগুলির অ্যাকাউন্টে বোর্ডের তহবিল থেকে প্রায় ২৪৩ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই আর্থিক কেলেঙ্কারির তদন্তের মাঝেই দেশ ছেড়েছিলেন তিনি। এখন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুবাদে তিনি ভারতের আইনি ব্যবস্থা থেকে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত করে নিলেন কি না, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *