কলকাতা: রুটি বানিয়ে গরম গরম খেতে যতটা ভালো লাগে, ঠাণ্ডা হয়ে যাওয়ার পর ততটাই বিস্বাদ লাগে। তার মধ্যে আবার শীতের মরশুম শুরু হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দিলেই হারিয়ে যায় রুটির নরম ভাব। বিশেষ করে অনেক আগে থেকে বানিয়ে রেখে দিলে এই সমস্যায় পড়তে হয়। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলেই এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব। আটা মাখা থেকে শুরু করে রুটি সেঁকা, সব বিষয়ই নজরে রাখা উচিৎ। সেগুলি মেনে চললে বেশ কিছুক্ষণ রুটি নরম ও তুলতুলে রাখা যায়।
আটা মাখার সময় থেকেই রুটি নরম করার কাজ শুরু হয়। অনেকে শুরুতেই অনেকটা জল দিয়ে আটা মেখে ফেলেন। এর বদলে অল্প অল্প করে জল মিশিয়ে আটা মাখুন। অন্তত ৮-১০ মিনিট ধরে ধীরে ধীরে মাখলে মণ্ড মসৃণ হবে। তবে খুব বেশি শক্ত বা অতিরিক্ত নরম করে আটা মাখবেন না।
আটা মেখেই সঙ্গে সঙ্গে রুটি বেলতে শুরু করবেন না। একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মণ্ডটি ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন। এতে আটা ভালোভাবে জল শুষে নেওয়ার সময় পাবে। মণ্ড আরও নরম হবে এবং রুটি বেলতেও সুবিধা হবে। তাড়াহুড়ো করলে পড়ে রুটি শক্ত হয়ে যেতে পারে।
আরও পড়ুন: খাওয়ার পর একটু মিষ্টি চাই? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে বাদাম চাক!
রুটি সেঁকার সময়ও বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। অনেকক্ষণ ধরে তাওয়ায় রেখে দিলে রুটির ভিতরের আর্দ্রতা বেরিয়ে যেতে পারে। ফলে রুটি শক্ত হয়ে যায়। তাই মাঝারি আঁচে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিন। রুটি ফুলে উঠলে নামিয়ে ফেলুন। অকারণে বেশিক্ষণ তাওয়ায় রাখবেন না।
রুটি সেঁকা হয়ে গেলে তার গায়ে সামান্য ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন। এতে রুটির উপরিভাগ শুকিয়ে যায় না। তবে যাঁরা প্রতিদিনের খাবারে তেল বা ঘি খান না, তাঁরা এই ধাপটি এড়িয়ে চলুন।
রুটি তো বানানো হয়ে গেল। এবার কোথায় এবং কীভাবে রাখছেন, সেটিও গুরুত্বপূর্ণ। গরম রুটি কখনও খোলা জায়গায় ফেলে রাখবেন না। পরিষ্কার কাপড়ে মুড়ে ঢাকনাযুক্ত গরম রাখার পাত্রে রাখুন। এতে রুটির আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হবে। দীর্ঘক্ষণ খোলা অবস্থায় পড়ে থাকলে রুটি দ্রুত শুকিয়ে যায়।
রুটি সংরক্ষণের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। পরিষ্কার কাপড় ও পাত্র ব্যবহার করুন। রুটি দীর্ঘক্ষণ রেখে খেতে হলে ঘরের তাপমাত্রায় অনির্দিষ্ট সময় ধরে ফেলে রাখবেন না। প্রয়োজন অনুযায়ী নিরাপদে সংরক্ষণ করুন।
Leave a comment