কলকাতাঃ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে মামলায় ফের নয়া মোড়। গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে করা তাঁর মামলাটি থেকে বৃহস্পতিবার সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। টুলুর এই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে পাঠানো হতে পারে।
ডেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা উদ্ধারের তদন্তে টুলু মণ্ডলের নাম উঠে আসে। এরপর তাঁর সঙ্গে যোগসূত্র রয়েছে সন্দেহে প্রায় ২০টি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকেই হাই কোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন টুলু। পরে গ্রেপ্তারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেন তিনি। এদিকে আদালতের ঘোষণাপত্রে বলা হয়েছে, পরোয়ানা জারি হলেও টুলুকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাঁকে আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এসিজেএম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া নথি ও গ্রেপ্তার হওয়া ছ’জনের বয়ানের ভিত্তিতে গোটা ঘটনাটি টুলুর নেতৃত্বাধীন ‘সিন্ডিকেট ক্রাইম’। এমনকী গ্রেপ্তার এড়াতে তিনি বিদেশে আত্মগোপন করেছেন বলেও দাবি করা হয়েছে। যদিও অভিযোগগুলি এখনও আদালতে বিচারাধীন।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন