নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। ২৬ দিনের অনশন ভেঙ্গেছেন সোনম ওয়াংচুক। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ একাধিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ‘ককরোচ’-এর প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকে। এই আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সরগরম রাজ্য রাজনীতি। বলিউডের একাধিক তারকাও বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন পরিস্থিতিতেই সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে যায় শাহরুখ খানের নামে একটি পোস্ট।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দাবি করা হয়, ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শাহরুখ লিখেছেন, “তোমরা হয়তো হতাশ, ক্লান্ত, কিন্তু কখনও হাল ছেড়ে দিও না। শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানাও, নিজের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাও, তবে নিরাপত্তার দিকেও খেয়াল রেখো। দেশের নেতা, কর্তৃপক্ষ এবং আমাদের সবার উচিত শিক্ষার্থীদের কথা শোনা। তাদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার আনা উচিত যাতে ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থী এভাবে ভোগান্তির শিকার না হয়। আমি মানসিক ও নৈতিকভাবে তোমাদের পাশে আছি।’’ মুহূর্তের মধ্যেই সেই পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নেন, দীর্ঘ নীরবতার পর অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন কিং খান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামনে আসে অন্য ছবি। শাহরুখ খানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এমন কোনও পোস্টের অস্তিত্বই নেই। অর্থাৎ ভাইরাল হওয়া স্ক্রিনশটটি অভিনেতার অ্যাকাউন্ট থেকে করা নয়। কোনও অজ্ঞাত ব্যক্তি সম্পাদিত একটি ভুয়ো পোস্ট ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাহরুখের অনুরাগীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, সংবেদনশীল একটি জাতীয় ইস্যুতে জনপ্রিয় অভিনেতার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। অনেকেই ভুয়ো পোস্টটি রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, NEET আন্দোলন বা যন্তর মন্তরের বিক্ষোভ নিয়ে শাহরুখ খান এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে ভাইরাল হওয়া পোস্টটির সঙ্গে অভিনেতার কোনও যোগ নেই বলেই স্পষ্ট হয়েছে।
বিষয় : neet StudentProtest shahrukhkhan FakeNews

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন