কলকাতাঃ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনটিতে মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে বড় কর্মসূচি করে তৃণমূল। কিন্তু এবার সেই জায়গাতেই কে সভা করবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী শিবির দুই পক্ষই একই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।
অনুমতি সংক্রান্ত জটিলতার মধ্যেই সোমবার ফের আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করেন দলের আইনজীবীরা। সেই আবেদন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে। এর আগে কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়েছিল, ২৮ আগস্টের অনুষ্ঠানের জন্য গত ২৭ জুলাই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। পরে ৩ এবং ৭ আগস্ট বিষয়টি নিয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি। এরপরই দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। তবে সমস্যার জায়গা আরও জটিল হয়েছে ঋতব্রতপন্থী শিবিরও একই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চাওয়ায়। ‘আসল’ তৃণমূলের তরফে সুদীপ রাহা হাই কোর্টে আবেদন করে জানিয়েছেন, ২৮ আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সভা করতে চান তাঁরা।
ফলে একই দিন, একই জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন করতে চাওয়া দুই শিবিরের সংঘাত এখন আদালতের দরজায়। উল্লেখ্য, প্রতি বছর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মেয়ো রোডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। তৃণমূলের ভাঙনের পর আলাদা আলাদা রাজনৈতিক মঞ্চে চলে গিয়েছেন দলের একাধিক নেতা-কর্মী। ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনেও তার ছাপ দেখা গিয়েছিল।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন