নয়াদিল্লি: সোমবার সকাল থেকেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি, মঙ্গলবার আরও ভয়াবহ রূপ ধারণ করল বর্ষা। ২৪ ঘণ্টার মধ্যেই প্রবল দুর্যোগে কার্যত স্তব্ধ গোটা রাজধানী। অবিশ্রান্ত বর্ষণে রাজপথ থেকে অলিগলি—সবই এখন জলের তলায়। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে দিল্লি ও সংলগ্ন এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে মৌসম ভবন। সোমবার শুরু হওয়া এই মুষলধারে বৃষ্টিতে দিল্লির ভিআইপি জোন থেকে শুরু করে সাধারণ মানুষের পাড়া-মহল্লা সর্বত্রই থৈ থৈ জল। কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, শাহদরা, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং পশ্চিম দিল্লিতে। পরিস্থিতি এতটাই ঘোরালো যে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা, বাতিল করতে হয়েছে ১৮টি বিমান। এ ছাড়াও ১৬৬টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। সোমবারের বৃষ্টিতে রাজধানীর রামমনোহর লোহিয়া হাসপাতাল, এমস-সংলগ্ন এলাকা, অশোক রোড, সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
মৌসম ভবন জানিয়েছে, শুষ্ক উত্তুরে বাতাস ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জোড়া ফলায় রাজধানী ও এনসিআর অঞ্চলে এই তীব্র দুর্যোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট চত্বর, পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, অশোক রোড, আইটিও এবং রামমনোহর লোহিয়া ও এইমস হাসপাতালের সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ-সহ সংলগ্ন জেলাগুলিতেও জারি করা হয়েছে চরম সতর্কতা; পরিস্থিতি সামাল দিতে বহু বেসরকারি সংস্থাকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ এবং স্কুল-কলেজগুলিকে অনলাইন পঠনপাঠনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন