কলকাতাঃ অভয়ার মৃত্যুর দু’বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও সব প্রশ্নের উত্তর মেলেনি। সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ার বাবা-মা। এবার নতুন করে তদন্তের দাবি ঘিরে ফের সামনে এল অভয়ার সৎকারের সময় পানিহাটি শ্মশানঘাটে ঘটে যাওয়া ঘটনা।
অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পানিহাটিতে গিয়ে সেই প্রসঙ্গেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দেহ দাহ করার খরচ পর্যন্ত বাড়ির লোক দিতে পারেনি। বাড়ির লোককে সই করতে হয়। কিন্তু সেই সই ছিল না। নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সন্দীপ মুখোপাধ্যায় এই কাণ্ড করেছেন।” এর পরেই বারাকপুরের পুলিশ কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই অভিযোগে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সন্দীপ মুখোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এবার পানিহাটি শ্মশানঘাটে অভয়ার সৎকারের সময় ঠিক কী ঘটেছিল, সেই বিষয়টিই খতিয়ে দেখবে খড়দহ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। পরে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। আদালত সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে এখনও পর্যন্ত নতুন কাউকে গ্রেফতার করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভয়ার বাবা-মায়ের দাবি, ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারেন। সিবিআই তদন্ত নিয়েও তাঁদের একাধিক প্রশ্ন রয়েছে। এর মধ্যেই নতুন আধিকারিককে দায়িত্ব দিয়ে তদন্তের কাজ ফের শুরু করেছে সিবিআই। ঘটনার দিন কী হয়েছিল, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরও পৃথক তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
বিষয় : West Bengal CBI R G Kar Case

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন