রাজ্য পুলিশের মনোবল বাড়াতে শুধু আশ্বাস নয়, সরাসরি তাঁদের সঙ্গে বসে একই পাতে মধ্যাহ্নভোজও সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বারাকপুরে রাজ্য পুলিশ অ্যাকাডেমির ‘বড়া খানা’ অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। সেখানে পুলিশকর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ্যে – এটা মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা।”
উল্লেখ্য, বারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত ‘বড়া খানা’ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে অ্যাকাডেমিতে পৌঁছলে তাঁকে ‘গার্ড অফ অনার’ জানানো হয়। এরপর পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে একই সারিতে বসে খাওয়াদাওয়া করেন তিনি। মেন্যুতে ছিল হরেকরকম পদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা-সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই অনুষ্ঠানে মূলত ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই ছিল ‘বড়া খানা’র আয়োজন। পুলিশকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের মনোবল বাড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী।
পরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ্যেও আপনারা দায়িত্ব পালন করছেন। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা, সব ক্ষেত্রেই আপনারা যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তবুও দেশের সেরা পুলিশ বাহিনী এ রাজ্যেই গড়ে উঠুক, এটাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা। আপনারা পারবেন, সেই বিশ্বাস আমার রয়েছে।”

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন