বীরভূমঃ ভোররাতের অভিযানে পুলিশের বড় সাফল্য। বীরভূমের এক পাথর ও বালি ব্যবসায়ীর ডেরা থেকে নগদ টাকার পাহাড় ও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গণনার কাজ এখনও চলছে। এই অভিযানের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে প্রকাশ্যে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
বুধবার ভোরে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার ডেউচা বাসস্ট্যান্ড সংলগ্ন মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তদন্তকারীদের দাবি, এই বাড়ির সঙ্গে বেআইনি পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মহম্মদ নজিবুদ্দিনের যোগ রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করে শুরু হয় তল্লাশি। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, "বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ প্রশংসনীয়।" মুখ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের 'জিরো টলারেন্স' নীতি জারি থাকবে। অভিযানে যুক্ত পশ্চিমবঙ্গ পুলিশ, ডিজি, বীরভূমের পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট পুলিশকর্মীদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সরকারি সম্পদ লুট বা বেআইনি সম্পদ অর্জনের অভিযোগে কাউকেই রেহাই দেওয়া হবে না বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, তৃণমূল জমানায় বীরভূমে বেআইনি পাথর ও বালি ব্যবসার অন্যতম পরিচিত নাম ছিল টুলু মণ্ডল। স্থানীয় সূত্রে দীর্ঘদিন ধরেই তাঁকে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়ে আসছে। সরকার বদলের পর বেআইনি পাচার ও মাফিয়া চক্রের বিরুদ্ধে পুলিশের একাধিক অভিযানে টুলু মণ্ডলের নাম বারবার উঠে এসেছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন