খড়্গপুর: খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) ক্যাম্পাসের ভেতরে উদ্ধার হলো এক তরুণ অধ্যাপকের ঝুলন্ত দেহ। মৃত অধ্যাপকের নাম দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬)। তিনি প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মূল বাড়ি হায়দরাবাদে হলেও কর্মসূত্রে তিনি আইআইটি ক্যাম্পাসের সরকারি কোয়ার্টারেই থাকতেন। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কোয়ার্টারের বন্ধ ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা ক্যাম্পাসজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্যজনক কারণ লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই দীপকবাবুর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সহকর্মী ও প্রতিবেশীরা যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি আইআইটি কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর নিরাপত্তারক্ষীদের সহায়তায় ঘরে প্রবেশ করতেই ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ওই অধ্যাপককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অধ্যাপকের ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ঘরটি সিল করে দিয়েছে পুলিশ এবং হায়দরাবাদে তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। তিনি পারিবারিক কোনো মানসিক কষ্টে ভুগছিলেন নাকি কর্মক্ষেত্রে কোনো চাপ ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে আইআইটির নিরাপত্তারক্ষী, সহকর্মী ও কোয়ার্টারের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই রহস্যমৃত্যুর ঘটনায় আইআইটি কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন