কলকাতাঃ বিমানবন্দরে ঢোকার মুখেই তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার বিকেলে একটি বৈঠকে যোগ দিতে বিমানবন্দরে পৌঁছতেই একদল বিক্ষুব্ধ মানুষ তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
সৌগত রায় কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি। সেই দায়িত্বের সূত্রেই বিমানবন্দরের ডিরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর চত্বরে তাঁর গাড়ি পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। হাতে কালো পতাকা নিয়ে ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভের সময় বেশ কয়েকজন সাংসদের গাড়িতে ধাক্কা দেন এবং জুতো দিয়েও গাড়িতে আঘাত করেন। আচমকা এই পরিস্থিতিতে বিমানবন্দর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিরাপত্তারক্ষীরা শেষ পর্যন্ত সৌগত রায়কে গাড়ি থেকে বের করে নিরাপদে ডিরেক্টরের অফিসে নিয়ে যান। তবে তাঁকে ঘিরে তখনও বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীদের স্লোগানে বেশ কিছুক্ষণ সরগরম ছিল বিমানবন্দর চত্বর। কেন সৌগত রায়ের বিরুদ্ধে এই বিক্ষোভ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সাংসদ। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিষয় : West Bengal Politics Sougata Ray

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন